দক্ষিণ কোরীয় কোম্পানির সহযোগিতার আশ্বাস
প্রকাশ : ২৫ জুলাই ২০১৩, ২১:৪৪
দক্ষিণ কোরিয়া সফররত ঢাকা শিল্প ও বণিক সমিতির (ডিসিসিআই) প্রতিনিধি দল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক উত্পাদানকারী প্রতিষ্ঠান ইয়াংওয়ানের প্রতিনিধিবৃন্দের সাথে গতকাল সিউলে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা করেন। এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, ঢাকা চেম্বারের সভাপতি মো. সবুর খান, ইয়াংওয়ানের সিইও কিয়াক সুং ও বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি ইউন ইয়াং উপস্থিত ছিলেন।—খবর বাসস
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেন, বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের জন্য নানাবিধ সুবিধা সম্বলিত বিনিয়োগ প্যাকেজ গ্রহণ করেছে।
ইয়াংওয়ানের সিইও কিয়াক সুং বলেন, ঢাকা চেম্বারের পক্ষ থেকে ২০০০ নতুন উদ্যোক্তা তৈরির যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তা অত্যন্ত ইতিবাচক একটি পদক্ষেপ এবং এ কর্মসূচি নতুন কর্মসংস্থান তৈরিতে অত্যস্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী। তিনি ঢাকা চেম্বারের নতুন উদ্যোক্তাদের ইয়াংওয়ানের পক্ষ থেকে প্রশিক্ষণ প্রদানসহ অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন। ইয়াংওয়ানের পক্ষ থেকে ঢাকা চেম্বারের প্রতিনিধি দলের সম্মানে আয়োজিত নৈশভোজ সভায় প্রতিনিধি দলের সদস্যবৃন্দ যোগদান করেন।