ইউনেস্কোর ডিজি পদে বাংলাদেশের সমর্থন কামনা জিবুতির

ইউনেস্কোর মহাপরিচালক পদে প্রার্থিতার বিষয়ে জিবুতি বাংলাদেশের সমর্থন চেয়েছে। ফ্রান্সে জিবুতির রাষ্ট্রদূত ও ইউনেস্কোর ডিজি পদপ্রার্থী রিচাড ফারাহ বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাত্ করে ওই নির্বাচনে বাংলাদেশের সমর্থন কামনা করে জিবুতির প্রেসিডেন্টের লেখা একটি পত্র হস্তান্তর করেন। ইউনেস্কোর ডিজি পদে আরো যে দু’জন প্রার্থী রয়েছেন তারা হলেন বর্তমান ডিজি বুলগেরিয়ার ইরিনা বুকোভো ও লেবাননের অধ্যাপক জোসেফ মাইলা। রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, এ বছরের নভেম্বরে অনুষ্ঠেয় এ নির্বাচনের কিছু সময় আগে বাংলাদেশ ইউনেস্কোর ডিজি পদে সমর্থনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। রাষ্ট্রপতি বলেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার ক্ষেত্রে ইউনেস্কোর মূল্যবান সমর্থনকে বাংলাদেশ স্বাগত জানিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ ইউনেস্কোর সঙ্গে তার দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ক আরো জোরদার করতে আগ্রহী। রাষ্ট্রপতি হামিদ সাশ্রয়ী মূল্য বিবেচনা করে বাংলাদেশ থেকে ওষুধ, নীটওয়্যার, সিমেন্ট, পাট, পাটজাত দ্রব্য, সিরামিক ও চামড়াজাত পণ্য আমদানি করতে জিবুতির প্রতি আহ্বান জানান।