দুর্যোগ মোকাবিলায় অনেক সাফল্য অর্জিত হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, প্রতিবছর বাংলাদেশের বহু মানুষ দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়। তাই সরকার দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে আসছে। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় ইতিমধ্যেই বাংলাদেশ অনেক সাফল্য অর্জন করেছে। উপাচার্য বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনেরাবিলিটি স্টাডিজ ইনস্টিটিউট এবং ভলান্টারি সার্ভিস ওভারসিস (ভিএসও) বাংলাদেশ’র উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল সিটিজেন সার্ভিস (আইসিএস) প্রকল্পের অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে একথা বলেন। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীনের সভাপতিত্বে সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি এবং ডিএফআইডি’র আবাসিক প্রতিনিধি মিজ সারাহ কুকি সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এছাড়া, অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভিএসও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শাহানা হায়াত, ইউরোপিয়ান ইউনিয়নের খাদ্য নিরাপত্তা বিষয়ক অপারেশন ম্যানেজার জোয়াও এনসেলনো এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন।