গণসংযোগে মাগুরার দু’টি আসনের সম্ভাব্য প্রার্থীরা

মাগুরায় জাতীয় সংসদের দু’টি আসনের নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগে নেমেছেন। তারা এলাকার নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করছেন। ইতিমধ্যে একজন সম্ভাব্য প্রার্থী শোডাউন করে সাড়া ফেলে দিয়েছেন। মাগুরা-১ আসনের বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. এম.এস.আকবর নিয়মিত নির্বাচনী এলাকায় যাচ্ছেন এবং বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করছেন। তিনি এ আসন থেকে পরপর তিনবার নির্বাচিত এমপি। এবারও দল থেকে মনোনয়ন চাইবেন। এ আসনে আওয়ামী লীগ থেকে আরও একজন মনোনয়ন প্রত্যাশি হলেন আওয়ামী লীগ নেতা পঙ্কজ সাহা। বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশিরা হলেন, জেলা বিএনপি’র সভাপতি কবির মুরাদ, পৌর মেয়র ইকবাল আকতার খান কাফুর, জেলা বিএনপি’র সহ-সভাপতি মনোয়ার হোসেন খান প্রমুখ। জাতীয় পার্টি থেকে একমাত্র প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা সম্পাদক এ্যাড. হাসান সিরাজ সুজা। এলডিপি থেকে কেন্দ্রীয় নেতা প্রকৌশলী কামাল উদ্দিন মোস্তফার নাম শোনা যাচ্ছে। মাগুরা-২ আসনে বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. বীরেন শিকদার এলাকায় নিয়মিত যাতায়াতের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এছাড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. শফিকুজ্জামান বাচ্চু, মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল মান্নান মনোনয়ন প্রত্যাশি। তারাও এলাকায় নিয়মিত যাতায়াত করছেন। বিএনপির সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ইতিমধ্যে এলাকায় বিশাল শো-ডাউন করেছেন। বিএনপি থেকে সাবেক মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী এলাকায় নিয়মিত গণসংযোগ করছেন। জাতীয় পার্টি থেকে ব্যাংকার মোস্কাদুর রহমান মোস্কাদ ও মোঃ খসরুল আলম দলীয় মনোনয়নের চেষ্টা করছেন। সম্ভাব্য প্রার্থীরা এলাকায় যাতায়াত করায় কে মনোনয়ন পাবেন তা নিয়েও জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে।