পাথরঘাটায় গৃহনির্মাণের টাকা ফেরত চেয়ে রিট
পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা
প্রকাশ : ২৫ জুলাই ২০১৩, ২১:৫৬
বরগুনার পাথরঘাটা উপজেলায় মহাসেনে ক্ষতিগ্রস্তদের গৃহনির্মাণে বরাদ্দ ১ কোটি ৩২ লাখ টাকা ফেরত যাওয়ায় বুধবার উচ্চ আদালতে রিট পিটিশন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের ঊর্ধ্বতন সহ-সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান প্রধান বিচারপতি এমডি মোজাম্মেল হোসাইনের কাছে এই রিট আবেদন করেন। রিটে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, সিনিয়র সহকারী সচিব, বরগুনা জেলা প্রশাসক, পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাথরঘাটা প্রকল্প কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের দায়িত্বে অবহেলা ও উদাসীনতার কারণে ঘূর্ণিঝড় মহাসেনে ক্ষতিগ্রস্ত পাথরঘাটা উপজেলার গৃহনির্মাণের টাকা দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে ফেরত চলে গেছে। ফলে উপজেলার ১ হাজার ৩২০ পরিবার এ সহায়তা থেকে বঞ্চিত হয়েছে। এতে ভরা বর্ষাকালে এসব গৃহহীন পরিবারের সদস্যরা মানবেতর জীবন কাটাচ্ছে। গত ৭ জুলাই ১ কোটি ২৪ লাখ ৭৪ হাজার টাকা দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়। বরগুনা জেলা প্রশাসক মো. আবদুল ওয়াহাব ভূঞা জানান, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জেলায় গৃহনির্মাণে ৯ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। যার মধ্যে পাথরঘাটা উপজেলায় বরাদ্দ দেয়া হয় ১ কোটি ৩২ লাখ টাকা। কিন্তু ৩০ জুনের মধ্যে সহায়তার টাকা খরচ করতে না পারায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে টাকা ফেরত পাঠানো হয় বলে উপজেলা চেয়ারম্যান জানান। তবে তিনি দায়িত্বে অবহেলার কথা অস্বীকার করেন।