তারাগঞ্জে ২ বছরেও বিদ্যুত্ কেন্দ্রের নির্মাণ শুরু হয়নি

রংপুর পল্লী বিদ্যুত্ সমিতি-২ এর অধীন তারাগঞ্জ উপকেন্দ্র নির্মাণের স্থান নির্ধারণ হলেও দীর্ঘ ২ বছরেও এর নির্মাণ কাজ শুরু হয়নি। এর ফলে বেশকিছু শিল্প উদ্যোক্তা ও উত্পাদনকারী প্রতিষ্ঠান উত্পাদনে যেতে পারছে না। পাশাপাশি নতুন ভাবে বিদ্যুতের জন্য হাজার হাজার সাধারণ গ্রাহক ও কৃষক আবেদন করেও বিদ্যুত্ পাচ্ছে না। জানা গেছে, উপজেলার চিকলী বাজারের দুইশ’ গজ পূর্বদিকে রংপুর-সৈয়দপুর মহাসড়ক সংলগ্ন স্থানে রংপুর পল্লী বিদ্যুত্ সমিতি-২ এর ৩৩/১১ কেভি উপকেন্দ্রটি নির্মাণের জন্য জমি নির্ধারণ করে গত দুই বছর পূর্বে সাইনবোর্ড লাগানো হয়। কিন্তু দীর্ঘদিনে এর কার্যক্রম শুরু না করায় তারাগঞ্জসহ আশেপাশে গড়ে উঠা বিভিন্ন শিল্প উদ্যাক্তা ও উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলো ও কৃষকরা সেচ কাজে বিদ্যুতের আবেদন করেও বিদ্যুত্ পাচ্ছে না। পল্লী বিদ্যুত্ সমিতি কার্যালয়ে গিয়ে নতুন সংযোগের আ্বেদন করে গ্রাহকরা ব্যর্থ হচ্ছেন। পল্লী বিদ্যুত্ সমিতি-২ এর পাগলাপীর অফিসের কর্মকর্তারা জানান, তারাগঞ্জ উপকেন্দ্র নির্মাণ কাজ সম্পূর্ণ না হলে এলাকায় কোন নতুন সংযোগ প্রদান করা সম্ভব হবে না। ফলে গ্রাহকরা পড়েছে চরম দুর্ভোগে। এব্যাপারে রংপুর পল্লী বিদ্যুত্ সমিতি-২ এর এজিএম (সাধারণ সেবা) আবু হাসান জানান, জমি-জমা সংক্রান্ত জটিলতা এক মাস আগে শেষ হয়েছে। খুব শীঘ্রই এর নির্মাণ কাজ শুরু হবে।