মেহেরপুরে অপহরণ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

মেহেরপুর জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল হাদিকে অপহরণের চেষ্টা ও পুলিশ লাঞ্ছিত করার প্রতিবাদে মেহেরপুর জেলা জাতীয় যুবসংহতির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার রাতে মেহেরপুর শহরে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। গত ২২ জুলাই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুর পৌর কাউন্সিলর রিয়াজতুল¬াহ’র নেতৃত্বে মেহেরপুর জেলা জাতীয় যুব সংহতির সভাপতি শহরের বেড়পাড়ার আজিমুদ্দিনের ছেলে আব্দুল হাদিকে জোরপূর্বক অপহরণ করার চেষ্টা চলে। মেহেরপুর সদর থানার এএসআই আবু সায়েমের নেতৃত্বে পুলিশের একটি দল হাদিকে উদ্ধার করতে গেলে অপহরণকারীরা পুলিশের উপর চড়াও হয়। এ ঘটনায় সাতজনকে আসামি করে মামলা হলে পুলিশ মেহেরপুর পৌর কাউন্সিলর রিয়াজতুল¬াহ, তার ছেলে রাহিম ইসলাম, আব্দুল মতিনের ছেলে রিমন, আকবর আলীর ছেলে সাইফুল ও মোসলেম আলীর ছেলে পাভেলকে আটক করে। গত সোমবার দুপুরে পুলিশ আটক করে পৌর কাউন্সিলর রিয়াজতুল¬াহসহ ৫ আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। মেহেরপুর পৌর কাউন্সিলের মুক্তির দাবিতে মানববন্ধন মেহেরপুর পৌর কাউন্সিলর রিয়াজতুল¬াহ’র মুক্তির দাবিতে শহরে মানববন্ধন, মৌন মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মেহেরপুর পৌর কাউন্সিলর রিয়াজতুল¬াহ’র মুক্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার পৌরসভার ৪নং ওয়ার্ডবাসীর উদ্যোগে মেহেরপুর শহরে মানববন্ধন, মৌন মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। এদিন সকালে পৌরসভার ৪নং ওয়ার্ডের কয়েক’শ নারী-পুরুষ মেহেরপুর প্রেসক্লাবের সামনে সমাবেত হয়ে মানববন্ধনে অংশগ্রহণ করে। পরে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন স্মারকলিপি গ্রহণ করেন।