মালঞ্চ নদী থেকে অপহূত জেলের লাশ উদ্ধার
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
প্রকাশ : ২৫ জুলাই ২০১৩, ২২:০০
গতকাল বৃহস্পতিবার সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের দোবেঁকী এলাকা থেকে রবিউল ইসলাম নামের এক জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত শনিবার মুক্তিপণের দাবিতে সুন্দরবনের ধানিবুনিয়া এলাকা থেকে বনদস্যু নাসির-মজিদ বাহিনী তাকে অপহরণ করে। নিহত রবিউল ইসলাম (২৮) শ্যামনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের মুরশিদ গাজীর ছেলে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম খান জানান, কোন জেলের মৃতদেহ উদ্ধারের বিষয়ে পুলিশকে কেউ কিছু জানায়নি।
এদিকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ঐ দু’দল বনদস্যুর হাতে মুক্তিপণের দাবিতে অপহূত আরও তিন জেলে জিম্মি রয়েছে বলে তাদের স্বজনরা দাবি করেছে। অপহূতরা হলো—ডুমুরিয়া গ্রামের হাকিম সরদারের ছেলে মনু সরদার (২৮), মহিউদ্দীন গাজীর ছেলে আলাউদ্দীন (১৭) ও ৯নং সোরা গ্রামের আজবার শেখের ছেলে বাবু (১৫)।