সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ২৫ জুলাই ২০১৩, ২২:০৫
কিশোরগঞ্জে ইউএনওর অপসারণের দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জ প্রতিনিধি \ কিশোরগঞ্জ সদর উপজেলার ইউএনও সুব্রত পালের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তার অপসারণ দাবি করেছেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার ইউপি চেয়ারম্যানদের নেতৃত্বে শতাধিক নারী-পুরুষ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য রাখেন মহিনন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা, মারিয়ার চেয়ারম্যান মো. সালাউদ্দিন, চৌদ্দশত ইউনিয়নের চেয়ারম্যান আ. করিম প্রমুখ।
নাচোলে দুস্থ নারীদের মাঝে চেক প্রদান
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা\ নাচোল উপজেলার ৪ ইউপির দুস্থ ৪০ জন নারীর মাঝে চেক প্রদান করা হয়েছে। ২৫ জুলাই নাচোল এলজিইডি অফিসের উদ্যোগে ৫ বছর ধরে চলমান (আরইআরএমপি) শীর্ষক প্রকল্পের আওতায় ৪০ জন নিয়োজিত (আরএমএ) মহিলা কর্মীদের সঞ্চয়ী জনপ্রতি ৬৯ হাজার ১শ ৭৯ টাকার চেক ও দক্ষতার সনদপত্র প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সুফিয়া আক্তার রুমীর সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক ও সনদপত্র বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
নরসিংদীর হাওর অঞ্চলে প্রসূতি সেবা বিষয়ক প্রশিক্ষণ
নরসিংদী প্রতিনিধি\ দুর্গম হাওর অঞ্চলের সুবিধাবঞ্চিতদের মাতৃত্বকালীন প্রসূতি সেবা বিষয়ক ৬ মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের সুপারভিশন ও মনিটরিং বিষয়ক এক সভা গত বুধবার নরসিংদী সদর হাসপাতালে মা ও শিশু কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ফারজানা মমতাজ।
মহেশপুরে জনতা ব্যাংকের শাখা উদ্বোধন
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা\ গতকাল বৃহস্পতিবার সকালে মহেশপুর জনতা ব্যাংক লিঃ-এর ৮৯২তম শাখার উদ্বোধন করেন মহেশপুর হাইস্কুল মার্কেটের ব্যাংক ভবনে ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর এরিয়া অফিসের উপ-ব্যবস্থাপক আব্দুস সামাদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাছিমা খাতুন প্রমুখ।
স্বরূপকাঠিতে আরইআরএমপির চেক বিতরণ
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা\ স্বরূপকাঠিতে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ (আরইআরএমপি) কর্মসূচির মহিলা কর্মীদের মাঝে কর্মোত্তর সঞ্চয়ী অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম। অনুষ্ঠানে উপজেলার ১শ মহিলা কর্মী প্রত্যেককে ৭০ হাজার ৯৯২ টাকার চেক দেয়া হয়।
ভালুকায় বিএনপির নেতার শাড়ি বিতরণ
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা\ ময়মনসিংহের ভালুকা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম গতকাল বৃহস্পতিবার কাচিনা ইউনিয়নে বিভিন্ন এলাকায় হতদরিদ্রদের মাঝে ৩ হাজার পিচ শাড়ি বিতরণ করেন। এ উপলক্ষে এক অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা নজর আলী তালুকদারের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন এম.এ হামিদ ক্বারী, সালাউদ্দিন আহাম্মেদ, রফিকুল হক বাবুল প্রমুখ।
রাজবাড়ীতে নারী সমাজের বিক্ষোভ
রাজবাড়ী প্রতিনিধি\ গতকাল বৃহস্পতিবার রাজবাড়ীতে জাগ্রত নারী সমাজের উদ্যোগে হেফাজতে ইসলামের আমীর আল্লামা শফির কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে নারীনেত্রী লাইলী নাহারের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ইরাদত আলী, ওয়ার্কার্স পার্টির নেতা রেজাউল করিম রেজা, জাসদের স্বপন কুমার দাস, সুফিয়া খান রেখা প্রমুখ বক্তৃতা করেন।
কুলিয়ারচরে মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সভা
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা\ কিশোরগঞ্জের কুলিয়ারচরে মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা গতকাল বৃহস্পতিবার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল আলম। সিরাজুল ইসলাম আবিরাজের (মাস্টার) সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন উপজেলা সমবায় কর্মকর্তা এ.এম. ওবায়দ উল্লাহ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত সাহা প্রমুখ।
কিশোরগঞ্জে মেডিক্যাল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন
কিশোরগঞ্জ প্রতিনিধি ও করিমগঞ্জ সংবাদদাতা\ করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ গ্রামে মহামান্য রাষ্ট্রপতির নামে আবদুল হামিদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রাঃ লিমিটেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতাল পরিচালনা পরিষদের চেয়ারম্যান রাষ্ট্রপতি-পত্নী রাশিদা হামিদ এবং বক্তব্য রাখেন রাষ্ট্রপতি তনয় রেজোয়ান আহমেদ তৌফিক এমপি, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা সানাউল হক, বিএমএর জেলা শাখার সভাপতি ডা. মাহবুব ইকবাল, সাধারণ সম্পাদক ডা. আ. ন. ম নৌশাদ খান, করিমগঞ্জ উপজেলা চেয়ারম্যান জনাব আলী, পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. সোহরাবউদ্দিন প্রমুখ।
মহেশপুরে দুস্থ মহিলাদের মধ্যে চেক বিতরণ
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ গত বুধবার মহেশপুর উপজেলা চত্বরে এলজিইডির দুস্থ মহিলাদের মধ্যে ৬৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নাছিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শফিকুল আজম খান (চঞ্চল)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান আশরাফুন্নাহার শিউলি, বীর মুক্তিযোদ্ধা কাজী আঃ সাত্তার, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।
বড়াইগ্রাম আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রামে গত বুধবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপজেলা সভাপতি মমতাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা সিনিয়র সহ-সভাপতি জহুরুল ইসলাম সোনা, সহ-সভাপতি ও জয়বাংলা সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান জিন্নাহ প্রমুখ বক্তব্য রাখেন।
সোনারগাঁও প্রেসক্লাবে এমপি কায়সারের মত বিনিময়
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ সোনারগাঁও প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার। গত বুধবার বিকেলে উপজেলার উদ্ধবগঞ্জ বাজারে অবস্থিত সোনারগাঁও প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি বাবুল মোশাররফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সোনারগাঁও প্রেসক্লাবের সহ-সভাপতি শামসুদ্দোহা চৌধুরী, সাধারণ সম্পাদক অসিত কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন তুষার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ রিপন প্রমুখ।
চাটমোহরে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ পাবনার চাটমোহরের মেয়ে আরিফা সুলতানা রুমা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় গত বুধবার চাটমোহর উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে অভিনন্দন ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সভায় বক্তব্য দেন, চাটমোহর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল মান্নান,সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু প্রমুখ।
মুরাদনগরে যাকাতের কাপড় লুটের প্রতিবাদে মানববন্ধন
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ মুরাদনগর উপজেলার নেয়ামতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে যাকাতের কাপড় লুটের প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ। গত বুধবার মুরাদনগর থানার সামনে মানববন্ধনে উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ সভাপতি মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি বিল্লাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহরাব হোসেন বেলাল, সদর ইউনিয়ন কৃষকলীগ সভাপতি আইনুল হক শিশু, বীর মুক্তিযোদ্ধা হোসেন মিয়া প্রমুখ।
রামগড়ে মাদক পাচারকারীরা বেপরোয়া
রামগড় সংবাদদাতা \ ঈদকে সামনে রেখে রামগড় ও এর পার্শ্ববর্তী উত্তর ফটিকছড়ির ভারত সীমান্ত ঘেঁষা এলাকার মাদক পাচারকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। গত বুধবার গভীর রাতে রামগড় ১৬ বিজিবির পানুয়াছড়া বিওপির একটি টহলদল ঐ সীমান্ত এলাকা থেকে ১২০০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে। জানা যায়, রামগড় বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন উত্তর ফটিকছড়ির বাগানবাজার, রামগড় চা বাগান, যতীর চর, পানূয়া, নলূয়ার চর, আধারমানিক, কয়লা প্রভৃতি প্রত্যন্ত সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে ফেনসিডিলসহ বিভিন্ন ব্র্যান্ডের মদ বাংলাদেশে পাচার হয়ে আসছে।
রায়পুরায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের আলোচনা
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম রায়পুরা উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল গত বুধবার তুলাতলী বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধানমন্ডি থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও রায়পুরা থেকে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
শ্যামনগরে পিতার উপর অভিমান করে আত্মহত্যা
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা \ পিতার বকুনি খেয়ে শাহাদাত্ হোসেন (২৩) আত্মহত্যা করেছে। গত বুধবার গলায় শাড়ি পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে সে আত্মহত্যা করে। নিহত শাহাদাত্ হোসেন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের ইউসুফ মোল্যার ছেলে। পুলিশ ঘটনার সত্যতা করেছে।
নীলফামারী জাপার কমিটি গঠন
নীলফামারী প্রতিনিধি\ জেলা জাতীয় পার্টির বর্তমান কমিটি ভেঙ্গে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ২৪ জুলাই পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ স্বাক্ষরিত এক পত্রে নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জয়নাল আবেদীনকে আহ্বায়ক ও শওকত চৌধুরীকে সদস্য সচিব মনোনীত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে।
নেত্রকোনায় বাইপাস সড়কের দাবিতে সাংবাদিক সম্মেলন
নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনার উন্নয়নে নাগরিক আন্দোলনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার জেলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে নেত্রকোনা শহরে একটি বাইপাস সড়ক নির্মাণের দাবি জানানো হয়। সাংবাদিক সম্মেলনে নেত্রকোনায় আন্তঃনগর ট্রেন চালুর জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বর্তমান সময়সূচি পরিবর্তনেরও দাবি জানানো হয়। নাগরিক আন্দোলনের আহ্বায়ক খানে আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন উপদেষ্টা লেঃ কর্ণেল (অব.) নূর খান, হায়দার জাহান চৌধুরী, শ্যামলেন্দু পাল প্রমুখ।
ব্রহ্মপুত্রের তীর দখল করায় জরিমানা
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জের মাকহাটিতে অবৈধভাবে ব্রহ্মপুত্র নদীর পাড় দখল করে প্রাচীর নির্মাণের দায়ে নূর কোল্ড স্টোরেজ লিমিটেড কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অদিদপ্তর। বুধবার পরিবেশ অধিদপ্তরের সদর দফতরে শুনানি শেষে এ জরিমানা করা হয়।