বার্সার বিরুদ্ধে জয় পেয়ে আনন্দিত গার্দিওলা
প্রকাশ : ২৫ জুলাই ২০১৩, ২২:১৫
বায়ার্ন মিউনিখ কোচ পেপ গার্দিওলা অ্যালিয়াঞ্জ অ্যারেনায় নিজের প্রথম ম্যাচেই সাফল্য পেয়ে খুশি। জার্মান ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারীরা গত মঙ্গলবার ২-০ গোলে হারায় গার্দিওলার সাবেক ক্লাব বার্সেলোনাকে। ফিলিপ লাম এবং মারিও ম্যান্ডজুকিচ দলের পক্ষে গোল দুটি করেন।
বার্সেলোনা তার পুরো শক্তির দল নিয়ে খেলতে নামেনি। আবার প্রদর্শনী ম্যাচ বলে অতটা উত্তেজনা ছিল না ম্যাচটিকে ঘিরে। তবে গার্দিওলার জন্য ম্যাচটি ছিল দারুণ আবেগের। ফুটবলার হিসেবে তো বটেই কোচ হিসেবেও গার্দিওলাকে বিশ্বজোড়া খ্যাতি ও সাফল্য এনে দিয়েছে বার্সেলোনা। ১৯৯০ সালে বার্সেলোনা বি দলের হয়ে সিনিয়র পর্যায়ে অভিষেক। পরে মূল দলের হয়ে খেলেছেন টানা ১১ বছর।
খেলোয়াড়ি জীবনের সমাপ্তির পর কোচ হিসেবেও ক্যারিয়ার শুরু করেন বার্সেলোনা বি দলের হয়ে। পরবর্তীতে ২০০৮ সালে যোগ দেন মূল দলে। ২০১২ সাল পর্যন্ত চার বছরে ক্লাবের হয়ে যেতেন ১৪টি শিরোপা। নাম লেখান বর্তমান যুগের অন্যতম সেরা কোচের তালিকায়। আর এদিন কিনা তাকে মাঠে নামতে হলো প্রিয় সেই ক্লাবের বিরুদ্ধেই!
গার্দিওলাও খেলার পর স্বীকার করলেন এটি অন্য আর দশটি ম্যাচের মতো ছিল না। ৪২ বছর বয়সী এই কোচ বলেন, ‘এটা আমার জন্য ছিল বিশেষ একটা ম্যাচ। খেলোয়াড় এবং কোচ হিসেবে আমি সারাটা জীবনই বার্সেলোনার হয়ে কাজ করেছি।’
এরপরই অবশ্য আবেগকে ঝেরে ফেলে আবারো পেশাদারিত্বের খোলশে ঢুকে গেলেন তিনি। জানালেন দলের পারফরম্যান্স নিয়ে সন্তোষের কথা, ‘বায়ার্ন আমাকে ভাল একটা দল দিয়েছে। আমি খুশি। এই মুহূর্তে আমি কোন কিছু নিয়েই অভিযোগ করতে চাই না।’
দলের পারফরম্যান্স নিয়ে অবশ্য তার অসন্তুষ্ট না হবারই কথা। কারণ, গার্দিওলার সব কৌশলই এদিন দারুণভাবে কাজে লেগেছে। কোন মূল স্ট্রাইকার ছাড়াই খেলতে নামা ব্যাভারিয়ান ক্লাবটি এদিন স্ট্রাইকার হিসেবে খেলায় ফ্রাঙ্ক রিবেরি, আরিয়েন রোবেন এবং টমাস মুলারকে। সাধারণত ডিফেন্ডার হিসেবে খেলা অধিনায়ক লাম এদিন ছিলেন মিডফিল্ডারের ভূমিকায়। রিবেরির ক্রস থেকে তার মাথা ছুয়েই আসে দলের প্রথম গোল। খেলা শেষ হবার মিনিট তিনেক আগে অতিরিক্ত খেলোয়াড় ম্যান্ডজুকিচ করেন শেষ গোলটি।
জার্মান সুপার কাপের ফাইনালে আগামী শনিবার বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবার আগে নিজেদের প্রস্তুতিটা ঠিকভাবেই সেরে রাখলো ইউরোপ সেরা ক্লাবটি। গার্দিওলাও বললেন সে কথাই, ‘বার্সেলোনা সব সময়ই দারুণ একটা দল। এটা আমাদের জন্য কঠিন একটা পরীক্ষাই ছিল। আমরা খেলায় সুযোগ সৃষ্টি করতে পেরেছি এবং আমাদের ফিনিশিংও ভালো ছিল। বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে ম্যাচের জন্য এটা একটা ভালো প্রস্তুতিই হলো।’
নতুন কোচ হিসেবে নিয়োগপ্রাপ্ত জেরার্ডো মার্টিনোর বদলে এদিন সহকারী কোচ জর্ডি রৌরা সামলেছেন বার্সেলোনাকে। জাভি, ইনিয়েস্তা বা নেইমাররা মাঠে না থাকলেও ছিলেন লিওনেল মেসি।