ন্যাপোলিতে স্বাস্থ্য পরীক্ষা সারলেন রেইনা-হিগুয়েন

আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েন এবং স্প্যানিশ গোলরক্ষক পেপে রেইনা চূড়ান্তভাবে নেপোলিতে যাবার ব্যাপারে আরো একধাপ এগিয়ে গেলেন। বুধবার দু’জনেই নেপোলিতে সম্পন্ন হওয়া মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এ সম্পর্কে নেপোলি সভাপতি অরেলিও ডি লরেনটিস সামাজিক যোগাযোগ মাধ্যমে নেপোলি ভক্তদের উদ্দেশে খবরটি প্রকাশ করেছেন। ভক্তদের মধ্যে অনেকেই হিগুয়েনকে স্বাগত জানাতে দিনভর রোম বিমানবন্দরে অপেক্ষা করেছেন। ডি লরেনটিস টুইটারে বলেছেন, ‘হিগুয়েন এবং রেইনা তাদের মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং শিগগিরই তারা দলের সাথে যোগ দিবেন। এই দু’জনকে দলে নিতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। কিন্তু আমরা এখানেই থামতে চাই না।’ রিয়াল মাদ্রিদ তারকা হিগুয়েনকে দলে নিতে আর্সেনাল এবং জুভেন্টাসের পক্ষ থেকেও আগ্রহ দেখানো হয়েছিল। কিন্তু প্রায় ৩৭ মিলিয়ন ইউরোর (৪৯ মিলিয়ন মার্কিন ডলার) সাথে অতিরিক্ত বোনাস বাবদ আরো ৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে শেষ পর্যন্ত নেপোলিতে যোগ দিয়েছেন হিগুয়েন। অন্যদিকে লিভারপুল থেকে ধারে রেইনাকে কিনে নিয়েছে নেপোলি। ইতালিয়ান ক্লাবে এসে রেইনা তার সাবেক আনফিল্ড বস রাফায়েল বেনিতেজের অধীনে যোগ দিবেন। মৌসুমের শুরুতে বেনিতেজ নেপোলিতে যোগ দেন। এ সম্পর্কে রেইনার ম্যানেজার ম্যানুয়েল কুইলোন বলেন, স্পেন এবং ইংল্যান্ডে একসাথে পাঁচ বছর কাটানোর পরে পুনরায় কোচ বেনিতেজকে পেয়ে রেইনা সত্যিই আনন্দিত। তার সাথে রেইনা দারুণ কিছু সময় কাটিয়েছেন। উল্লে¬খ্য, গত সপ্তাহে নেপোলি উরুগুয়ের ফরোয়ার্ড এডিনসন কাভানিকে রেকর্ড ৬৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে প্যারিস সেইন্ট-জার্মেইতে ছেড়ে দিয়েছে। -বাসস/এএফপি