ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ!
প্রকাশ : ২৫ জুলাই ২০১৩, ২২:১৭
স্বপ্নের বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে সেই ২০০২ সালে তখনকার জাতীয় দল অধিনায়ক আলফাজ আহমেদ বিস্ময়ে ভাষা হারিয়ে ফেলেছিলেন। সেই সময় তার বলা অনুভূতির কথা আজও ফুটবল অঙ্গনে ‘মিথ’ হয়ে ঘুরে বেড়ায়। এবার আবার সেই অনুভূতির মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। সবাই আলফাজের মতো হাতে ধরে দেখার সুযোগ পাবেন না; তবে আবারো বিশ্বকাপ ট্রফিকে চর্মচক্ষে দেখার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
ফুটবল ফেডারেশন সূত্র জানালো, এশিয়া সফরের এক পর্যায়ে আগামী ১৭ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকবে ফিফা বিশ্বকাপের রেপ্লিকা ট্রফি। শুধু ট্রফি নয়, এর সঙ্গে বড় আকর্ষণ হয়ে আসার সম্ভাবনা আছে বিশ্বকাপ জয়ী জার্মান অধিনায়ক লোথার ম্যাথুসেরও!
প্রতিটি ফিফা বিশ্বকাপের আগেই নির্বাচিত কিছু দেশ ভ্রমণ করে বিশ্বকাপ ট্রফি। গতকাল প্রথমে গুঞ্জন আকারে ব্যাপারটা জানা গেলেও পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক কর্মকর্তা নিশ্চিত করলেন এশিয়া ও আসিয়ান অঞ্চল সফরের অংশ হিসেবে পৃষ্ঠপোষকদের উদ্যোগে ঢাকাতেও আসবে চিরায়ত ভ্রমণে বের হওয়া এই ট্রফি। সংযুক্ত আরব আমিরাত থেকে ১৭ তারিখে ঢাকায় আসবে ট্রফি। এরপর ১৮ তারিখ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ‘অতিথি’ থাকবে এই ট্রফি। অনুষ্ঠানের পাশাপাশি তারকা সম্বলিত প্রীতিম্যাচও থাকতে পারে। এরপর ১৯ তারিখে আবার ভুটানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বিশ্বকাপ রেপ্লিকা। সেখান থেকে নেপাল, ভারত হয়ে দক্ষিণ এশিয়া সফর শেষ হবে তার।