গৌরনদী ও মনোহরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
বরিশাল অফিস ও মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ২৫ জুলাই ২০১৩, ২২:৪৪
গৌরনদী উপজেলা ও কুমিল্লার মনোহরগঞ্জে গতকাল বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন মারা গেছে।
বরিশাল-ঢাকা মহাসড়কে কাছে মাবাদ নামক এলাকায় গতকাল সকালে ফরিদপুরগামী ট্রাকের ধাক্কায় শিকারপুরগামী যাত্রীবাহী নসিমনের তিন যাত্রী নিহত ও কমপক্ষে ৭ জন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক। তাদের গৌরনদী ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহাসড়কের কাছে ট্রাক ও নসিমনের মুখোমুখী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আবুল কামাল (৩৫) নামের এক যাত্রী নিহত এবং শেবাচিমে চিকিত্সাধীন অবস্থায় অজ্ঞাতনামা দুই মহিলা যাত্রী মারা যায়।
এদিকে কুমিল্লার মনোহরগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় গুরুতর আহত স্কুলছাত্র আরমান গতকাল ঢাকার একটি হাসপাতালে মারা যায়। গত বুধবার স্কুল থেকে আসার পথে লালমাই-নোয়াখালী মহাসড়কের খিলা বাতাবাড়িয়া নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় কুমিল্লাগামী একটি পিকআপ ভ্যান শিশুটিকে চাপা দেয়। শিশুটি স্থানীয় খিলা ইবনে খালেদুন একাডেমীর ৪র্থ শ্রেণীর ছাত্র।