২০ দলের বৈঠক অনুষ্ঠিত

জোটের পরিধি বাড়বে : নজরুল

দল ভাঙবে না বরং দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে জোটের পরিসর আরো বাড়বে বলে জানিয়েছেন ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

 বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের জোট ত্যাগের বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, তার মান-অভিমান থাকতেই পারে। তবে আশাকরি ভুল-ত্রুটি সংশোধন হয়ে সেটা ঠিক হয়ে যাবে। পার্থ ২০ দলে ফিরে আসবে। লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের জোট ছাড়ার হুমকির বিষয়ে নজরুল ইসলাম বলেন, ডা. ইরান আজকের বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি আমাদের বলেছেন এ ধরনের কথা তিনি বলেননি। এ বিষয়ে সাংবাদিকদের সংবাদ প্রকাশের আগে সতর্ক হয়ে বিএনপি নেতাদের বক্তব্য নেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে বিকাল সোয়া চারটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আবদুল হালিম প্রমুখ। বৈঠক শেষে শীর্ষ নেতারা এক সঙ্গে ইফতার করেন। বৈঠকে কর্নেল (অব.) অলি আহমেদ ও আন্দালিব রহমান পার্থ উপস্থিত ছিলেন না।