গার্মেন্টসের শক্তির প্রতীক বিজিএমইএ ভবন বেআইনি
প্রকাশ : ২৫ জুলাই ২০১৩, ২২:৫৩
জনবহুল রাজধানীর মাঝখানে একটি কাঁচঘেরা অফিস একা দাঁড়িয়ে আছে। এর চারিদিক পানি বেস্টিত। শুধুমাত্র একটি সরু ব্রীজের মাধ্যমে ভবনটিতে যাতায়াত করা যায়। এটি হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ ভবন। এটি বাংলাদেশের গার্মেন্টস শিল্পের শক্তির প্রতীক। বাংলাদেশের সবচে শক্তিধর অ্যাসোসিয়েশন বিজিএমইএ’র ভবনটি আইন মেনে তৈরি হয়নি। যুক্তরাষ্ট্রের নামকরা গণমাধ্যম নিউইয়র্ক টাইমস ঢাকার বিজিএমইএ ভবনটিকে এভাবেই চিত্রায়িত করেছে।
রিপোর্টে বলা হয়, বিজিএমইএ ভবনটি যেখানে নির্মিত হয়েছে সেখানকার জায়গা অবৈধভাবে দখল করে রাখা হয়েছে বলে হাইকোর্টের রায়ে বলা হয়েছে। এছাড়া ভবনটি নির্মাণ করার সময় যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নেয়া হয়নি বলেও রায়ে উল্লেখ করা হয়। ভবনটি যে জায়গায় অবস্থিত তাতে প্রাকৃতিক পানিপ্রবাহে বিঘ্নের সৃষ্টি হচ্ছে। হাইকোর্টের রায়ে ৯০ দিনের মধ্যে ভবনটি ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়া হলেও তা এখনো ঠায় দাঁড়িয়ে আছে। বিষয়টি এখন আইনী জটিলতার মধ্যে পড়েছে উল্লেখ করে ওই প্রতিবেদনে আরো বলা হয়, বিজিএমইএ’র শক্তি এর পেছনে কাজ করছে। যে সংগঠনের সদস্যরা জাতীয় অর্থনীতির নিয়ন্ত্রণ করেন। এর কোন কোন সভ্য জাতীয় সংসদ সদস্য। কেউ আবার টেলিভিশন চ্যানেল কিংবা সংবাদপত্রের মালিক।