ট্রেন বাসের অগ্রিম টিকিট আজ থেকে

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে দূরপাল্লার বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ শুক্রবার থেকে। অবশ্য রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি) তাদের ঈদ স্পেশাল সার্ভিসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে আগামী এক আগস্ট থেকে। নৌপথের অগ্রিম টিকিট পাওয়া যাবে আরো কয়েকদিন পর থেকে। বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে ঢাকা ও চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুক্রবার শুরু হচ্ছে। চলবে ৩০ জুলাই পর্যন্ত। এছাড়া ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট দেয়া হবে দুই আগস্ট থেকে ছয় আগস্ট পর্যন্ত। এদিকে ঈদ উপলক্ষে দূরপাল্লার সড়ক পরিবহনগুলোর টিকিটও আজ শুক্রবার থেকে দেয়া হবে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের একজন নেতা জানিয়েছেন, মূলত গাবতলী বাস টার্মিনাল, পার্শ্ববর্তী বাগবাড়ি, মিরপুর মাজার রোড, কল্যাণপুর, আসাদ গেট, কলাবাগান, শ্যামলী, ফকিরাপুল, রাজারবাগ ও মতিঝিল এলাকায় অবস্থিত দূরপাল্লার বাস সার্ভিসসমূহের কাউন্টার থেকে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অগ্রিম টিকিট বিক্রি করা হবে। তিনি জানান, ঈদ উপলক্ষে দূরপাল্লার পরিবহনে কোন বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না।