দিনাজপুরে নদীতে গোসল করতে গিয়ে দশম শ্রেণীর ছাত্রের মৃত্যু
প্রকাশ : ২৫ জুলাই ২০১৩, ২২:৫৫
ওয়াসিম আকরাম রাফি নামে দশম শ্রেণির এক ছাত্র গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের পুনর্ভবা নদীতে গোসল করতে গিয়ে মারা গেছে। শহরের পাক পাহাড়পুর নিবাসী ইউসুফ আলীর পুত্র রাফী (১৫) বন্ধুদের সঙ্গে দুপুরে পুনর্ভবা নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে তার বন্ধুরা সকলেই উঠে আসলেও সে উঠে না আসায় বন্ধুরা বাড়িতে খবর দেয়। পরে স্থানীয় লোকজন দুই ঘন্টা তল্লাশি করে নদীর পাড়ের একটি গভীর গর্ত থেকে তাকে উদ্ধার করে। অচেতন অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিত্সকগণ তাকে মৃত বলে ঘোষণা করেন। রাফি সেন্ট ফিলিপস স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। তার মৃত্যুতে তার বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। মৃত রাফি দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মতিউর রহমানের ভাইয়ের ছেলে। তার জানাজা আজ শুক্রবার বাদ জুম্মা পাক পাহাড়পুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে এবং শেখ জাহাঙ্গীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।