রাজধানীর মধ্য বাড্ডার বৈশাখী সরণির ট-৬৮/৩ নম্বর বাসা থেকে নাওশিস আহমেদ সাবা নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। রবিবার রাত ১২টার দিকে বাসার ৩য় তলার ফ্ল্যাটে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করে স্বামী সেলিম আহমেদ। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। পরে বাড্ডা থানার এসআই দেবী কান্ত বর্মন রাত ৩টার দিকে ওই হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
এসআই দেবী কান্ত বর্মন জানান, জামা কাপড় কেনা নিয়ে রবিবার রাতে তাদের মধ্যে মনোমালিন্য হয়। এতে অভিমান করে সাবা পাশের রুমে গিয়ে নিজের ব্যবহূত ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়।
ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে সাবার ভগ্নিপতি মাহমুদ জানান, সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন সাবা। ১০ মাস আগে প্রেমের সম্পর্কের জের ধরে সেলিম আহমেদের সঙ্গে বিয়ে হয় সাবার। তাদের বাড়ি জয়পুরহাট জেলার কালাই উপজেলার কালাইপুনট গ্রামে। ৩ বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন সাবা।