বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে দেশ দুর্নীতির আখড়ায় পরিণত হবে

পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াত যদি এবার ক্ষমতায় আসে এদেশ দুর্নীতির আখড়ায় পরিণত হবে। দেশে মহাবিপর্যয় নেমে আসবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ভাসানীর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, দেশ পরিচালনায় হয়ত আমাদের ভুল-ক্রুটি রয়েছে, অনেক ক্ষেত্রে দেশের মানুষের চাহিদা পূরণ করা সম্ভবও হয়নি। পাশাপাশি উন্নয়নের কথা স্মরণে রেখে ভুল-ক্রুটি মাফ করে আরও একবার নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে আনুন। তিনি আরও বলেন, অতীতে বিএনপি-জামায়াতের সরকার দুজন যুদ্ধাপরাধী এবং স্বাধীনতা বিরোধীদের গাড়িতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দিয়েছিল। এবার ক্ষমতায় আসতে পারলে তারা অন্তত হাফ ডজন যুদ্ধাপরাধীর গাড়িতে জাতীয় পতাকা তুলে দেবে। যাদের মূল লক্ষ্যই হল নারীদের মধ্যযুগীয় কায়দায় গৃহবন্দি করে দেশকে আফগানিস্তানের মত রাষ্ট্রে পরিণত এবং জঙ্গিবাদ কায়েম করা। ন্যাপ চেয়ারম্যান মোসতাক আহমেদ ভাসানীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও মুখপাত্র অরুন সরকার রানা প্রমুখ।