দুদকে শুল্ক ফাঁকির মামলার চার্জশিট অনুমোদন
প্রকাশ : ২৫ জুলাই ২০১৩, ২২:৫৬
সাড়ে ১৩ লাখ টাকার শুল্ক ফাঁকির মামলায় মেসার্স ইউনাইটেড ইমপ্যাক্ট লিমিটেডের চেয়ারম্যান শামসুল হুদার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল কমিশনের নিয়মিত বৈঠকে এ চার্জশিট অনুমোদন দেয়া হয়। আগামী রবিবার আদালতে চার্জশিট দাখিল করা হবে বলে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক আবুবকর সিদ্দিক জানিয়েছেন।
দুদক সূত্র জানায়, ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি মেসার্স ইউনাইটেড ইমপেক্ট লিমিটেডের চেয়ারম্যান শামসুল হুদার বিরুদ্ধে ১৩ লাখ ৬৪ হাজার ৯৪৩ টাকার শুল্ক ফাঁকির অভিযোগে রমনা থানায় দণ্ডবিধির ৪০৯ ধারায় একটি মামলা দুদকের পক্ষ থেকে দায়ের করা হয়। ওই মামলার অভিযোগে বলা হয়, ২০০২ সালে ছয় অক্টোবর আসামি শামসুল হুদা বিদেশ থেকে কেমিক্যাল আমদানির সময় ১৩ লাখ ১৪ হাজার ৯৪৩ টাকা শুল্ক ফাঁকি দিয়েছেন এবং জরিমানা ৫০ হাজার টাকা পরিশোধ করেননি।