৩শ’ ৪৫ কোটি টাকার কেসিসির বাজেট ঘোষণা
প্রকাশ : ২৫ জুলাই ২০১৩, ২২:৫৮
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ২০১৩-১৪ অর্থ বছরের জন্য ৩৪৫ কোটি ৪ লাখ ১২ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৯৪ কোটি ৫৯ লাখ ৪৫ হাজার টাকা এবং সরকারি অনুদান ও বৈদেশিক সাহায্যপুষ্ট উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ২৫০ কোটি ৪৪ লাখ ৬৭ হাজার টাকা।
২০১২-১৩ অর্থ বছরের ২৫১ কোটি ৫২ লাখ ৫৩ হাজার টাকার সংশোধিত বাজেট ঘোষণা করা হয়। এ বছর প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছিল ৩০৯ কোটি ১৯ লাখ ৫৩ হাজার টাকা। গতকাল বৃহস্পতিবার নগর ভবনে কেসিসির দায়িত্বপ্রাপ্ত সিটি মেয়র আজমল আহমেদ তপন এ বাজেট ঘোষণা করেন। তিনি ঘোষিত বাজেটকে একটি উন্নয়নমুখী বাজেট আখ্যায়িত করে এ বলেন, এই বাজেটে নতুন কোন কর আরোপের প্রস্তাব করা হয়নি। বকেয়া পৌরকর আদায়, নবনির্মিত সকল স্থাপনার উপর হালনাগাদ কর ধার্য এবং নিজস্ব আয়ের উত্স সমপ্রসারণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখা হবে। তিনি আরও বলেন, প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর থেকে বরাদ্দ খাতে ৩৩ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে পূর্ত খাতে ২৫ কোটি ৫ লাখ টাকা এবং জনস্বাস্থ্য খাতে ৩ কোটি ৮০ লাখ টাকা ব্যয় করা হবে।
মেয়র বলেন, ২০১৩-১৪ অর্থ বছরে জাতীয় এডিপিতে কেসিসি’র ৫টি অনুমোদিত প্রকল্প আছে। অনুমোদিত এ ৫টি প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে ৯৫ কোটি ৬৭ হাজার টাকা।
বাজেট ঘোষণাকালে সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির চেয়ারম্যান মেমরী সুফিয়া রহমান শুনু। অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তপন কুমার ঘোষ, কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।