অপেক্ষার অবসান। রাজধানীতে গতকাল সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা সাড়ে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিনগুলোতে তাপমাত্রা ছিল আরো বেশি। এমন গরমের দিনগুলো শেষে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় গতকাল রাতে এলো স্বস্তির বৃষ্টি। সঙ্গে নিয়ে এলো কাল বৈশাখীর ঝড়। আগামী দুইদিন ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
টানা দাবদাহের পর ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে দুই দিন কিছুটা গরম কমলেও গত কয়েকদিন ফের তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এমন প্রেক্ষাপটে গতকাল রাত ১১টার দিকে রাজধানী ভিজে বৃষ্টিতে। স্বস্তির বৃষ্টির আগে ছিল ধূলিঝড়। তাতে উলটপালট হয়ে যায় ভাসমান দোকান এবং পথের পাশে নিবাস গড়া মানুষের ছন্দ। তবে রাস্তায় পথচারী তুলনামূলক কম থাকায় ভোগান্তিও ছিল কম। কাল বৈশাখী ঝড়ে কয়েকটি স্থানে গাছ পড়ে যাওয়া ও হেলে পড়ার তথ্য পাওয়া গেছে।
আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, রাতের ঝড়টি ঘণ্টায় অন্তত ৫২ কিলোমিটার বেগে বয়ে যায়। আগামী দুই দিন তাপমাত্রা কমবে এবং থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে রাজশাহী, পাবনা, মাইজদিকোর্ট ও রাঙ্গামাটি অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা কিছু জায়গায় কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই লঘুচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গায় খুলনা, বরিশাল ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ সহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
রাত সাড়ে ১২টায় আবহাওয়া অফিস জানায়, সোমবার দিবাগত রাত ১টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।