এইচএসসি পরীক্ষার পড়াশোনা
প্রকাশ : ২৬ জুলাই ২০১৩, ১৭:২২
বাংলা প্রথমপত্র
মোস্তাফিজুর রহমান লিটন, সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ. ঢাকা
বঙ্গভাষা
মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩)
ক.‘কাটাইনু বহুদিন সুখ পরিহরি’ চরণটিতে
‘পরিহরি’ শব্দটির চলিত রূপটি কী? ১
খ.বিদেশি ভাষায় সাহিত্যচর্চাকে ‘বঙ্গভাষা’ কবিতায় কবি ‘ভিক্ষাবৃত্তি’ বলেছেন কেন? ২
প্রশ্নের ‘ক’-এর উত্তর
‘পরিহরি’ শব্দটির চলিত রূপ হলো পরিহার করে।
প্রশ্নের ‘খ’-এর উত্তর
নিজের এ সম্পদকে অবজ্ঞা করে ‘পর-ধন-লোভে মত্ত’ হওয়া ভিক্ষাবৃত্তিরই সমতুল্য তাই বিদেশি ভাষায় সাহিত্যচর্চাকে ‘বঙ্গভাষা’ কবিতায় কবি ‘ভিক্ষাবৃত্তি’ বলেছেন কারণ কবির আপন মাতৃভাষা বাংলা বিবিধ রত্নে পরিপূর্ণ। বাংলা ভাষার যে ঐশ্বর্য রয়েছে তা দিয়েই নির্মিত হতে পারে কালজয়ী সাহিত্য। নিজের সমৃদ্ধ ভাষা-সাহিত্য থাকা সত্ত্বেও পরের ভাষা-সাহিত্যের কাছে নতজানু হয়ে সাহিত্যচর্চা করা অসম্মানের। তাই কবি বিদেশি ভাষায় সাহিত্যচর্চাকে ভিক্ষাবৃত্তি বলেছেন।
উত্তরের সারবস্তু : নিজের ভাষার ঐশ্বর্য ভুলে অর্থাত্ নিজের সম্পদকে তুচ্ছ জ্ঞান করে পরের সম্পদ বা ভাষার কাছে নতজানু হয়ে সাহিত্যচর্চা করা অসম্মানের, তাই বিদেশি ভাষায় সাহিত্যচর্চাকে কবি ভিক্ষাবৃত্তি বলেছেন।
ক.‘বঙ্গভাষা’ কবিতাটির অষ্টকের মূলভাব কী? ১
খ.বিদেশি ভাষায় সাহিত্যচর্চায় কবি বিফল হলেন কেন?- ব্যাখ্যা করো। ২
প্রশ্নের ‘ক’-এর উত্তর
মাতৃভাষার প্রতি উপেক্ষাজনিত মনোবেদনা।
প্রশ্নের ‘খ’-এর উত্তর
মাতৃভাষার মাধ্যমে কবি যে মনোভাব প্রকাশ করতে পারতেন তা তিনি বিভিন্নদেশের ভাষার মাধ্যমে করতে পারেননি তাই তিনি বিফল হলেন।
তিনি বিদেশি ভাষায় সাহিত্য রচনা করে বিফল হয়েছেন। কবি মাতৃভাষার সম্পদের স্পর্শে যেভাবে তার ভাব প্রকাশ করতে পারতেন, বিদেশি ভাষায় তা পারেন নি। এ কারণে বিদেশি ভাষায় সাহিত্য রচনা করে তিনি বিফল হয়েছেন।
উত্তরের সারবস্তু : কবি বিদেশি ভাষায় সাহিত্য রচনা করে মনের ভাব যথাযথভাবে প্রকাশ করতে পারেন নি। তাই তিনি বিদেশি ভাষায় সাহিত্য রচনা করে বিফল হয়েছেন।
ক.কবি মধুসূদন দত্ত-এর ‘কবি-মাতৃভাষা’ সনেটটি নবরূপে কী নাম ধারণ করে? ১
খ.‘যা রে ফিরি ঘরে’- কেন একথা বলা হয়েছে? ২
প্রশ্নের ‘ক’-এর উত্তর
‘কবি-মাতৃভাষা’ সনেটটি নবরূপে ‘বঙ্গভাষা’ নাম ধারণ করে।
প্রশ্নের ‘খ’-এর উত্তর
কবির বিদেশে যখন চরম দুর্দিন চলছিল, তখন কুললক্ষ্মী বা বাংলা কাব্যের অধিষ্ঠাত্রী দেবী তাঁকে মাতৃভাষা ক্রোড়ে ফেরার নির্দেশ দিয়েছিলেন।
কুললক্ষ্মী কবিকে এই বলে সচেতন করলেন যে, মাতৃভাষায় এত রত্ন থাকতে কেন কবি ভিখারির মতো বিদেশি ভাষায় আশ্রয় নিয়েছেন। তিনি তাঁকে তখনই দেশে ফিরে মাতৃভাষার সেবা করার পরামর্শ দেন। কুললক্ষ্মীর এ নির্দেশ শুনে কবির চৈতন্যোদয় হয় এবং তিনি বাংলা ভাষার সেবায় আত্মনিয়োগ করেন। মাতৃভাষায় সাহিত্যচর্চার মূলে কবি তাঁর অন্তরে যে গভীর প্রেরণা অনুভব করেছিলেন তাকেই কবি কুললক্ষ্মী বা বাংলা কাব্যের অধিষ্ঠাত্রী দেবী বলে কল্পনা করেছেন।
উত্তরের সারবস্তু : মাতৃভাষায় রত্ন থাকতেও কবি যখন ভিখারির মতো বিদেশে আশ্রয় নিয়েছেন, তখনই কুললক্ষ্মী তাঁকে দেশে ফিরে মাতৃভাষার সেবা করার পরামর্শ দেন।
ক.কোন ছন্দ প্রবর্তন করে মধুসূদন বাংলা কাব্যে বৈপ্ল¬¬বিক পরিবর্তনের সূচনা করেন? ১
খ.কবি মাইকেল মধুসূদন দত্ত-এর ভুল ভাঙে কীভাবে - ব্যাখ্যা করো। ২
প্রশ্নের ‘ক’-এর উত্তর
অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করে মধুসূদন বাংলা কাব্যে বৈপ্ল¬বিক পরিবর্তনের সূচনা করেন।
প্রশ্নের ‘খ’-এর উত্তর
মাতৃভাষার উপলব্ধি যখন কবি বুঝতে পারে তখন কবির ভুল ভাঙে।
কবি সাহিত্যচর্চার শুরুতে ইংরেজি ভাষায় গ্রন্থ রচনা শুরু করেন। কিন্তু বিদেশি সমালোচকদের অবহেলা-অনাদরে তিনি মনঃক্ষুণ্ন হন। বিশ্বের খ্যাতিমান কবি হিসেবে প্রতিষ্ঠা লাভের আকাঙ্ক্ষা তাঁকে বিদেশি ভাষায় কাব্য রচনার ক্ষেত্রে প্রেরণা জোগালেও, পরবর্তী সময়ে তাঁর আত্মোপলব্ধি ঘটে এবং তিনি মাতৃভাষায় সাহিত্য রচনা শুরু করে অসাধারণ সাফল্য অর্জন করেন। আর এভাবেই কবির ভুল ভাঙে।
উত্তরের সারবস্তু : বিশ্বের খ্যাতিমান কবি হিসেবে প্রতিষ্ঠা লাভের আকাঙ্ক্ষা তাঁকে বিদেশি ভাষায় কাব্য রচনার ক্ষেত্রে প্রেরণা জোগালেও, পরবর্তী সময়ে তাঁর আত্মোপলব্ধি ঘটে এবং ভুল ভাঙে।