যুক্তরাষ্ট্রের মত নৌ বাহিনী ও ড্রোন ফ্লিট বানাবে জাপান
প্রকাশ : ২৬ জুলাই ২০১৩, ২০:৫৪
চীন ও উত্তর কোরিয়ার সম্ভাব্য সন্ত্রাসী হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ন্যায় শক্তিশালী নৌবাহিনী ও ড্রোন ফ্লিট গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে জাপান। শুক্রবার দেশটির খসড়া প্রতিরক্ষা প্রতিবেদনে এ কথা বলা হয়। খসড়া প্রতিবেদনে বলা হয়, বহির্শক্তির হামলা মোকাবিলায় আমাদের বাহিনীকে আরো শক্তিশালী করে গড়ে তোলার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। আর জাপান তার নিরাপত্তার খাতিরেই এটি করবে। কেননা ভবিষ্যত্ সন্ত্রাসী হামলার সম্ভাবনাকে আমরা কোনক্রমেই উড়িয়ে দিতে পারি না। কখন এটি বাস্তবায়ন করা হবে তা পরিস্থিতিই বলে দিবে। পরিস্থিতি সে রকম দাবি করলে তা দ্রুতই করা হবে। তবে এটুকু গুরুত্বপূর্ণ যে আমাদের এই উদ্যোগ নিতে হবে। আর এটি যুক্তরাষ্ট্রের আদলেই করা হবে। পূর্ব চীন সাগরের দ্বীপপুঞ্জ নিয়ে চীনের সঙ্গে জাপানের বিরোধ যখন তুঙ্গে তখনই এ ধরনের একটি খসড়া প্রতিবেদন প্রকাশ করা হলো। এই দ্বীপপুঞ্জ নিয়ে দু’দেশের বিরোধ দীর্ঘদিনের। উল্লেখ্য জাপানে ওই দ্বীপসমূহ সেনকাকু আর চীনে এটি দিয়াও নামে পরিচিত। তারা উভয়েই একে তাদের অংশ বলে দাবি করে আসছে।
প্রতিবেদনটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন পর্যায়ের বৈঠকে অনুমোদিত হয়। এতে বলা হয়, ড্রোন বিমানের ফ্লিট তৈরির মাধ্যমে তা থেকে দূরবর্তী দ্বীপসমূহ মনিটরিংয়ের কাজে ব্যবহূত হবে।