সিরিয়ায় নিহতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে
প্রকাশ : ২৬ জুলাই ২০১৩, ২০:৫৫
জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, দুই বছরেরও বেশি সময় ধরে চলা সহিংসতায় সিরিয়ায় নিহতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। তাই এ সংকট নিরসনে কখনোই সামরিক পন্থা একমাত্র উপায় হতে পারে না। আমি মনে করি এ সংকট উত্তরণে শান্তি আলোচনার বিকল্প নেই এবং সেটা অবশ্যই প্রয়োজন। বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।
বান কি মুন সিরীয় সরকার এবং বিরোধীদের প্রতি অবিলম্বে সংঘাত বন্ধের আহবান জানিয়ে বলেন, যত শীঘ্রই সম্ভব এ লক্ষ্যে শান্তি আলোচনা জেনেভায় অনুষ্ঠিত হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে আলোচনার প্রাক্কালে তিনি এসব কথা বলেন। সে সময়ে জন কেরিও বান কি মুনের সঙ্গে এক হয়ে বলেন, সামরিক উপায়ে এ সমস্যার সমাধান নয়। কেবল রাজনৈতিক উপায়ে এর সমাধান হতে পারে। তবে আলোচনার টেবিলে বসার জন্য যোগ্য নেতৃত্বের প্রয়োজন। উল্লেখ্য গত মাসে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছিল চলমান সিরিয়া সহিংসতায় প্রায় ৯৩ হাজার লোক মারা গেছে। কিন্তু বর্তমানে সে সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। মাত্র এক মাসের ব্যবধানে এ সংখ্যা বদলালো। ২০১১ সালে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু করে দেশটির বিরোধী দলগুলো। এক পর্যায়ে তা সশস্ত্র আন্দোলনে রূপ নেয়।