এমডিজি অর্জনে জেলা পর্যায়ের উন্নয়নে সমতা জরুরি

মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররফ হোসেন ভুঁইয়া বলেছেন, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের (এমডিজি) মাধ্যমে টেকসই উন্নয়নের জন্য দেশের জেলাগুলোর মধ্যে উন্নয়নের সমতা সাধন জরুরি। তিনি বলেন, এমডিজি অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ ইতিমধ্যেই বেশকিছু গুরুত্বপূর্ণ ধাপ সাফল্যের সঙ্গে অতিক্রম করেছে। তবে, এই লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে ভৌগোলিকভাবে দুর্গম এলাকা বা জেলাগুলোর উন্নয়নের ক্ষেত্রে সঠিক সমতা রক্ষা করা সম্ভব হয়নি, টেকসই উন্নয়নের জন্য যা একটি জরুরি বিষয়। তিনি শুক্রবার বিয়াম মিলনায়তনে বাংলাদেশ এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন স্থানীয় সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়ন কর্মসূচি’ (লোকাল ক্যাপাসিটি বিল্ডিং এন্ড কমিউনিটি এমপাওয়ারমেন্ট-এলসিবিসিই)-এর ওপর দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মন্ত্রিপরিষদ সচিব দেশের সার্বিক উন্নয়নের জন্য সমতাবিধানে ইউনিসেফের এলথ্রিএম (লেভেল থ্রি মডেল) প্রকল্প সম্পর্কে বলেন, উন্নয়ন সহায়তার ক্ষেত্রকে নতুনভাবে চিহ্নিত ও গুরুত্বারোপ করে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ যৌথ অংশীদারিত্বে উপনীত হয়েছে। যার ভিত্তি হচ্ছে পিছিয়ে থাকা ভৌগোলিক জেলাসমূহ এবং সবচাইতে বঞ্চিত জনগোষ্ঠীকে এগিয়ে যাওয়ার জন্য প্রাধান্য দেয়া। ইউনিসেফের সার্বিক তত্ত্বাবধানে ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট এ্যাসিসটেন্স ফ্রেমওয়ার্ক (ইউএনডিএএফ)-এর মাধ্যমে এমডিজি গোল অর্জনে পিছিয়ে পড়া দেশগুলোর ২০টি জেলাকে সম উন্নয়নের ধারায় নিয়ে আসার জন্য ৫ বছর মেয়াদি (২০১২ -২০১৬) এই প্রকল্পটি বাস্তবায়নাধীন রয়েছে। স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. সহিদ খান বলেন, এই কার্যক্রম মানবাধিকারের মূলনীতিসমূহ বাস্তবায়নের মাধ্যমে শিশুদের অধিকার প্রতিষ্ঠায় সেবাদানকারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করেছে। পাশাপাশি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে সেবা গ্রহিতাদের ক্ষমতায়ন করছে। যাতে তারা তাদের প্রাপ্ত সেবাসমূহ দাবি করতে পারে। ইআরডি এর অতিরিক্ত সচিব কাজী শফিউল আজিমের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. সহিদ খান, ইউনিসেফের স্থানীয় প্রতিনিধি প্যাসকল ভিলানভ ও ইআরডি এর যুগ্মসচিব মোহাম্মদ শামসুল আলম।