পচাবাসি ইফতার বিক্রি করায় জরিমানা

মাছ সংরক্ষণের বরফ দিয়ে রমজানে ইফতার হিসাবে রাজধানীর বিভিন্ন হোটেলে তৈরি হচ্ছে ফালুদা। গত দিনের অবিক্রীত পচাবাসি কাবাবসহ বিভিন্ন খাদ্যদ্রব্য সংরক্ষণ করে তা পরদিন আবার ভোক্তার কাছে পরিবেশন করা হচ্ছে। বৃহস্পতিবার মগবাজার ও মৌচাকের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) তা সনাক্ত করে। অভিযানটি পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবেদা আফসারী। এসময় ৫টি প্রতিষ্ঠানের কাছ থেকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় মাছ সংরক্ষণের বরফ দিয়ে ফালুদা তৈরি ও বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া দুই উত্পাদন করায় মগবাজারস্থ কস্তরী রেস্তোরাঁর ম্যানেজার জাকির হোসেনকে দুই লাখ টাকা ও মৌচাকের মা রাঁধুনী এন্ড রেস্টুরেন্টের মালিক সঞ্জয় দত্তকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। খোলা ও নোংরা পরিবেশে খাদ্য উত্পাদন ও বিক্রি করায় বড় মগবাজারস্থ থ্রি স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টের ম্যানেজার এইচ এম বরকতকে, সোহাগ স্বাদ হোটেল এন্ড রেস্টুরেন্টের ম্যানেজার হেলালকে ও ক্যাফে গ্রান্ড রেস্টুরেন্টের ম্যানেজার আমির হোসেনকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। এসময় সংরক্ষিত অনুপযোগী খাদ্যসমূহ জনসম্মুখে ধ্বংস করা হয়।