চুয়াডাঙ্গায় প্রতারণার দায়ে একজন আটক
প্রকাশ : ২৬ জুলাই ২০১৩, ২১:১৪
চুয়াডাঙ্গার সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে বৃহস্পতিবার জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের তদন্ত ও তথ্য সরবরাহকারী পরিচয়ে বিভিন্ন বেকারি থেকে চাঁদাবাজি করার অপরাধে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ কুমিল্লার মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর গ্রামের মরহুম আব্দুর রউফের ছেলে মাজেদুল ইসলাম জাবেদ নামের এক প্রতারককে আটক করে থানায় সোপর্দ করেছেন।
আটক মাজেদুল ইসলাম জাবেদ জানান, তিনি জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের একজন তদন্ত ও তথ্য সরবরাহকারী। এর প্রধান কার্যালয় ৫৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা, মর্ডান ম্যানশন (১৪ তলা), ঢাকা। তিনি ওই কার্যালয়ের টেলিফোন ও মোবাইল নম্বর দিলে ওই নম্বরে কল করলে সংস্থার পরিচালক পরিচয়ে একজন বলেন, এ নামে তাদের কেউ নেই।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ গাজী ইব্রাহিম জানান, জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের পরিচয়ে মাজেদুল ইসলাম জাবেদ ডিঙ্গেদহ বাজারের মোকামতলার ইনসান ফুডে চাঁদাবাজি করতে এলে তারা তাকে আটকে রেখে চুয়াডাঙ্গার এনএসআই দফতরে খবর দেন। তাদের সহযোগিতায় তাকে আটক করা হয়। এর আগেও সে জালশুকা গ্রামের সরোয়ার বেকারী ও ডিঙ্গেদহ বাজারের মিষ্টি ফুডে ভয়ভীতি দেখিয়ে চাঁদা নিয়ে যায়। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।