বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের লাগাতার কর্মবিরতি ঘোষণা

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (বিআরআরআই) শ্রমিকদের হাতে বিজ্ঞানী লাঞ্ছিত হওয়ার ঘটনায় আগামী রবিবার অবস্থান ধর্মঘট এবং সোমবার থেকে লাগাতার কর্মবিরতি যাওয়ার ঘোষণা দিয়েছেন বিজ্ঞানীরা। গত বৃহস্পতিবার সকালে বিআরআরআইয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিজ্ঞানী সমিতির সাধারণ সভায় ওই ঘোষণা দেয়া হয়েছে। বিজ্ঞানী সমিতির সভাপতি ড. মো. আনছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আনোয়ার হোসেন, বিজ্ঞানী ফজলে রাব্বি, মইনউদ্দিন ফকির, অভিজিত্ বিশ্বাস, মো.জামী, ইসমাইল হোসেন মোল্লা, আব্দুল লতিফ প্রমুখ। কৃষি পরিসংখ্যান বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শাহজাহান কবীরকে বিজ্ঞানী সমিতি থেকে সাধারণ সদস্য পদ বাতিল ও দায়ী শ্রমিক-কর্মচারীদের চাকরিচ্যুতির দাবি জানান। এ ঘটনায় জয়দেবপুর থানায় একাধিক সাধারণ ডায়েরী ও তিন বিজ্ঞানীকে তাত্ক্ষণিক বদলি করা হয়েছে। এসবকে কেন্দ্র করে বর্তমানে বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিকদের মাঝে চাপা ক্ষোভ ও উত্তেজনা এবং কাজ-কর্মে স্থবিরতা বিরাজ করছে। ক্যাম্পাসে অতিরিক্ত আনসার ও পুলিশ মোতায়েন রয়েছে।