৭৫ বছরের পরিত্যক্ত স্কুল ভবনে দুর্ঘটনার আশংকা

বকশীগঞ্জ উপজেলার সাধুর পাড়া ইউনিয়নের ঠান্ডার বন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭৫ বছরের পরিত্যক্ত ভবন নিয়ে দুর্ঘটনার আশংকা করছে এলাকাবাসী। জানা গেছে, ১৯৩৮ সালে ঠান্ডার বন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন সংস্কার না করায় ঝুঁকিপূর্ণ স্কুল ভবনটি ২০০৭ সালে পরিত্যক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। পরিত্যক্ত ঘোষণার পর থেকেই খোয়া যেতে থাকে ভবনটির ইট, জানালার গ্রিল, মূল্যবান কাঠ ও চালের টিন। ভবনের পেছনের ওয়ালটি ভেঙে সবগুলো ইট খুলে নিয়েছে দুর্বৃত্তরা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনির জানান, নিলামে ডেকে বিক্রি করা হলে প্রতিষ্ঠান লাভবান হবে এবং ওই জায়গাতে নতুন ভবন নির্মাণ করা যাবে। এতে করে শ্রেণিকক্ষ সঙ্কট থাকবে না। বর্তমানে যে ভবনটিতে পাঠদান চলছে ফাটলের ফলে সেটিও ঝুঁকির মধ্যে রয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনটি যে কোন মুহূর্তে ভবনটি ভেঙ্গে পড়লে হতাহতের ঘটনা ঘটতে পারে। ঠান্ডার বন গ্রামের আবু হোসেন বলেন, এসএমসি কমিটি না থাকায় বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনটি নিলামে দেয়া সম্ভব হচ্ছে না।