সুন্দরবন কয়রায় চালু হচ্ছে আবহাওয়া কেন্দ্র

খুলনা জেলার সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলায় শীঘ্রই চালু হচ্ছে অত্যাধুনিক আবহাওয়া অফিস। এ আবহাওয়া অফিস ঘূর্ণিঝড়ে আগাম নৌ সতর্কতা দিতে পারবে। এখন নৌ সতর্ক বার্তা দেয়া হয় কেন্দ্রীয় আবহাওয়া অফিস থেকে। কয়রা আবহাওয়া অফিস চালু হলে আর ঢাকার উপর নির্ভর করতে হবে না দুর্যোগপ্রবণ দক্ষিণাঞ্চলকে। খুলনা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ মোঃ আমিরুল আযাদ বলেন, পর পর দুটি বড় প্রাকৃতিক দুর্যোগ সংগঠিত হওয়ার পর উপকূলীয় এলাকার মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সরকারি বে-সরকারি নানামুখী পরিকল্পনা গ্রহণ করা হয়। সেই পরিকল্পনা অনুযায়ী এটি তৈরি হচ্ছে বলে তিনি জানান। আবহাওয়া অফিস নির্মাণ প্রকল্প পরিচালক (প্রজেক্ট ডিরেক্টর) মজিদুল ইসলাম জানান, আবহাওয়া অফিসের ভবন নির্মাণ শেষ হয়েছে। তবে গণপূর্ত বিভাগের কাছ থেকে এখনও বুঝে নেয়া হয়নি। তিনি জানান, দ্রুত জনবল নিয়োগ দেয়া হবে। এছাড়া যন্ত্রপাতিও খুব তাড়াতাড়ি এসে যাবে বলে আশা করছি। এই অফিসে একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা, ২ জন সিনিয়র অবজারভারসহ ৯ জনের জনবল থাকবে।