রাঙ্গুনিয়ায় বিএনপির ইফতার মাহফিলে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ
প্রকাশ : ২৬ জুলাই ২০১৩, ২১:১৮
রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির ইফতার মাহফিল ও আলোচনা সভার প্যান্ডেলে কে বা কারা বৃহস্পতিবার রাতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ায় পণ্ড হয়ে গেছে অনুষ্ঠান। রাত ৮টার দিকে ইছাখালি গোডাউন এলাকায় কাদের নগরে শুক্রবারের ইফতার মাহফিলের জন্য তৈরি করা মঞ্চে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুনে প্যান্ডেলসহ দু’হাজার চেয়ার-টেবিল পুড়ে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৫ লাখ টাকার। অনুষ্ঠান বানচাল করতে উপজেলা আওয়ামী লীগ ষড়যন্ত্র করে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে দাবি উপজেলা বিএনপির। এ ঘটনায় রাঙ্গুনিয়ার বিভিন্নস্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএনপির বিক্ষুব্ধ কর্মীরা রাতে উত্তর রাঙ্গুনিয়ার রাজারহাটে বেশ কয়েকটি দোকানে ভাংচুর ও লুটপাট করেছে। পরে অগ্নিসংযোগ করে ১০টি দোকান পুড়িয়ে দিয়ে ঘাটচেক এলাকায় গাছ কেটে, ইট ফেলে এবং টায়ার জ্বালিয়ে একঘন্টা সড়ক অবরোধ করেছে। গোচরা চৌমুহনি বাজারে বিএনপি রাতে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে যুবলীগ কর্মীরা হামলা করে। এতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ৪/৫ জন আহত হয়। সংঘাতময় পরিস্থিতির মুখে বিএনপির শুক্রবারের নির্ধারিত ইফতার মহফিল ও আলোচনা সভা স্থগিত ঘোষণা করে।