কয়রায় ভূমি বিরোধে কুপিয়ে হত্যা

খুলনার কয়রায় জায়গা-জমির বিরোধের জের ধরে আকবার আলী (৭০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, উপজেলার আমাদী ইউনিয়নের নাকশা গ্রামের মৃত হানেফ শেখের পুত্র আকবর আলী প্রতিদিনের ন্যায় তার নিজ ওষুধের দোকান থেকে সেহেরী খাওয়ার জন্য গত ২৫ জুলাই রাত আনুমানিক ৩টার সময় বাড়ি যাওয়ার পথে ওত পেতে থাকা দুর্বৃত্তরা কুপিয়ে তাকে হত্যা করে লাশ দোকানের পাশে ফেলে রেখে যায়। এলাকাবাসী বিষয়টি জানতে পেরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ সকালে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ সাবেক ইউপি সদস্য কামরুল শেখকে আটক করেছে।