সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ২৬ জুলাই ২০১৩, ২১:২০
আদমদীঘিতে মুক্তিযোদ্ধাদের মাঝে সেমাই, শাড়ি বিতরণ
আদমদীঘি(বগুড়া) সংবাদদাতা \ গত বৃহস্পতিবার সান্তাহার আলতা সিন্ডিকেট নামের ব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে আদমদীঘিতে মুক্তিযোদ্ধাদের মাঝে সেমাই, চিনি ও শাড়ি বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক সভা মুক্তিযোদ্ধা কমান্ডার মুনছুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ফরিদগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ফরিদগঞ্জ(চাঁদপুর) সংবাদদাতা \ ফরিদগঞ্জে আধা কেজি গাঁজাসহ স্বপন মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে একবছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহেদুল ইসলাম এ রায় দেন ।
দুর্গাপুরে মৃত্যুদাবির চেক হস্তান্তর
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার দুর্গাপুরে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোঃ লিঃ-এর গ্রামীণ বীমা ডিভিশন দুর্গাপুর শাখার উদ্যোগে গত বৃহস্পতিবার ফারংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মৃত পারুল মারাকের ৩৩ হাজার ১৯৫ টাকার চেক গ্রহণ করেন নমিনী স্বামী মনহেম চিসিম। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী। প্রধান অতিথি ছিলেন ইউ,পি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু।
যশোরে বিশেষ স্বাস্থ্যসেবা বিষয়ক সভা
যশোর অফিস \ যশোর ও সাতক্ষীরা অঞ্চলের পাচারের শিকার নারী-পুরুষদের বিশেষ স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা সভা বৃহস্পতিবার যশোর কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। যশোরের সিভিল সার্জন ডা. আতিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহুরুল হক।
ডিমলায় নলকূপ ও স্যানিটেশন সামগ্রী বিতরণ
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় গত বৃহস্পতিবার ডিমলা সদর ইউনিয়নে নলকূপ ও স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় সরকার সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি) উদ্যোগে ৪০টি পরিবারকে ১টি করে নলকূপের যাবতীয় পাইপসহ বিতরণ করা হয়। এছাড়া ৩২০টি পরিবারকে স্যানিটেশনের জন্য ১টি করে স্লাব ও ৪টি করে রিং বিতরণ করা হয়। ডিমলা সদর ইউপি চেয়ারম্যান রফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সদস্য আবু তালেব, কছরউদ্দিন, কৃষ্ণ কুমার প্রমুখ।
ফুলবাড়িতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে হকারের মৃত্যু
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুরের ফুলবাড়িতে গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্টে আব্দুল মোতালেব (৪৫) নামের এক পত্রিকা হকারের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহত আব্দুল মোতালেব উপজেলার দৌলতপুর হরহরিয়াপাড়া গ্রামের মোজাহার আলীর ছেলে।
টেকনাফে পানিতে ডুবে শিশুর মৃত্যু
টেকনাফ সংবাদদাতা \ টেকনাফে পানিতে ডুবে রুবেল(১২) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে। সে সাবরাং নয়াপড়ার মোঃ আব্দুল্লাহর পুত্র। গত বৃহস্পতিবার বিকালে সাবরাং দক্ষিণ নয়াপাড়া সীমান্তে নাফ নদী এলাকায় খেলতে গিয়ে স্থানীয় রফিকের প্রজেক্টে রুবেল পড়ে যায়, সাঁতার না জানায় সে পানিতে ডুবে যায়। পরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করে।
কাপাসিয়ায় ঝড়ে গৃহিণীর মৃত্যু
কাপাসিয়া সংবাদদাতা \ কাপাসিয়ায় গত বৃহস্পতিবার আকস্মিকভাবে ঝড়-বৃষ্টি শুরু হলে মেহেরুন্নেছা (৩৪) বাড়ির উঠানে শুকাতে দেয়া কাপড় আনতে যান। এসময় হঠাত্ একটি সুপারি গাছ ভেঙ্গে গৃহিণীর ঘাড়ের ওপর পড়ে। তাকে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিক্যালে আনা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়
শ্রীপুর(মাগুরা)সংবাদদাতা \ মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপূর্ব কুমার মণ্ডলের নেতৃত্বে ও মাগুরার সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহার সহযোগিতায় গত বৃহস্পতিবার উপজেলার প্রসিদ্ধ লাঙ্গলবাঁধ বাজারের মাছ, গুড়, মিষ্টি ও মুরগীর দোকানসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৮ হাজার ৫শ’ টাকার জরিমানা আদায় করা হয়েছে।
সিংড়ায় জননী ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন
সিংড়া (নাটোর) সংবাদদাতা \ প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষের চিকিত্সা সেবা নিশ্চিতের লক্ষ্যে সিংড়ায় জননী ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভায় জননী ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আবু হেনা মোস্তফা জামান রনির সভাপতিত্বে বক্তব্য রাখেন তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাচ্চু।
চরফ্যাশনে কৃষকের মাঝে সার বিতরণ
চরফ্যাশন (ভোলা)সংবাদদাতা \ ঘূণিঝড় মহাসেনে ক্ষতিগ্রস্ত চরফ্যাশন উপজেলার ৪ ইউনিয়নের ২৭’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৩০ কেজী করে সার বিনামল্যে বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতি বার সংসদ সদস্য আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব প্রধান অতিথি থেকে সার বিতরন অনুষ্ঠানের উদ্ধোধন করেন।
জিয়ানগরে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
জিয়ানগর (পিরোজপুর) সংবাদদাতা \ জিয়ানগরে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার দক্ষিণ ইন্দুরকানী এস এস আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বহুমুখি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য আলহাজ্জ্ব একেএমএ আউয়াল। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সভাপতি এ্যাড. এম. মতিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ খালেক গাজী, ওসি নাসির উদ্দিন মল্লিক প্রমুখ।
আগৈলঝাড়া নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ বরিশালের আগৈলঝাড়ায় নদীতে ভাসমান এক বৃদ্ধার লাশ পাওয়া গেছে। লাশের পরিচয় পাওয়া গেলেও মৃত্যুর কারণ জানা যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। জানা গেছে, পশ্চিম বাগধার মৃত মোসলেম বাহাদুরের স্ত্রী ও নুরমোহাম্মদ বাহাদুরের মা মাজু বিবি (৮৫) গত দু’দিন পূর্বে মেয়ের বাড়িতে যাবার জন্য রওনা দেন। এরপর থেকে বাড়ির লোকজন তার কোন সন্ধান পায়নি।
শ্যামনগরে কৃষি উপকরণ বিতরণ
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা \ ডিজিষ্টার এন্ড ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট ইন এগ্রিকালচার প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলায় ৩টি আইসিএম ক্লাবে আনুষ্ঠানিকভাবে লো-লিফট পাম্প ও সয়েল স্যালাইনিটি মিটার বিতরণ করা হয়েছে। গত বৃস্পতিবার উপজেলা কৃষি কর্মকর্তা আলী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি উপ-পরিচালক কৃষি সমপ্রসারণ অধিদপ্তর মোঃ সোলায়মান আলী,কৃষি উপকরণ বিতরণ করেন।
ফুলবাড়ীয়ায় খড় কাটার মেশিন বিতরণ
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ ) সংবাদদাতা \ পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং গ্রামাউস কর্তৃক বাস্তবায়িত ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ‘আদর্শ পদ্ধতিতে গাভী পালন ও দুগ্ধ বাজারজাতকরণের মাধ্যমে আয় বৃদ্ধিকরণ ও কর্মসংস্থান’ শীর্ষক ভ্যালু চেইন প্রকল্পের উদ্যোগে গত বৃহস্পতিবার গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থার অফিস থেকে ২০জন খামারীদের মধ্যে খড় কাটার মেশিন বিতরণ করা হয়েছে। বিতরণকালে উপস্থিত ছিলেন গ্রামাউস এর পরিচালক মো. ফজলুর রহমান প্রমুখ।
গাঁজা বিক্রিতে বাধা দেয়ায় তিনজনকে পিটিয়ে জখম
মংলা সংবাদদাতা \ মংলায় গাঁজা বিক্রিতে বাধা দেয়ায় এক পরিবারের তিনজনকে পিটিয়ে জখম করেছে ওই গাঁজা বিক্রেতা চক্রটি । উল্টো তারা আহত পরিবারের বিরুদ্ধে থানায় মিথ্যে অভিযোগ দায়ের করেছে । জানাগেছে, গত বৃহস্পতিবার মোয়াজ্জেম হোসেনের বাসার সামনে এসে গাঁজা বিক্রেতা লিটন, শুয়োমিয়া, লাইলী এসে পৌরসভার ফ্রি পানির লাইনের কল ভেঙ্গে ফেলে । এসময় ওই গাঁজাবিক্রেতারা মোয়াজ্জেম ও তার পরিবারের সদস্যদেরকে অকথ্য ভাষায় গারিগালাজ করলে মোয়াজ্জেমের স্ত্রী শাহিনা বেগম(৩৫), কন্যা মৌসুমী (১৪) ও পুত্র সোহাগ(১০)কে বেপরোয়া মারপিট করে ।
রূপগঞ্জে জিয়া পরিষদের আলোচনা সভা
রূপগঞ্জ সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা জিয়া পরিষদ গতকাল শুক্রবার মুড়াপাড়াস্থ মঙ্গলখালী খেলার মাঠে সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা জিয়া পরিষদের সভাপতি কাজী কামরুল ইসলাম কামাল। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ার সাদাত সায়েম, আলমগীর হোসেন টিটু ।
চুয়াডাঙ্গায় মোটর সাইকেলের ধাক্কায় ছাত্র নিহত
চুয়াডাঙ্গা প্রতিনিধি \ চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার রাস্তা পার হতে গেলে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় আহত হয় চুয়াডাঙ্গা পৌর কলেজ পাড়ার আইসক্রিম বিক্রেতা আইনাল মানিকের ছেলে ৫ম শ্রেণীর ছাত্র জিল্লুর রহমান বাবু (১২)। তাকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিত্সাধীন অবস্থায় মারা যায় বাবু।
দেবীগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা\ দেবীগঞ্জ থানা পুলিশ গত বৃহ্সপতিবার াতে অভিযান চালিয়ে উপজেলার মাড়েয়া কমলাপুকুরী কালিগঞ্জ গ্রামের ছোলেমানের বাড়ী থেকে মাটির ব্যাংক ও জর্দার কৌটায় রাখা ২১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। একই সাথে পুলিশ ইয়াবা ট্যাবলেটের ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে বাড়ীর মালিক ছোলেমান ও তার স্ত্রী ফাতেমাকে গ্রেফতার করেছে।
নওয়াপাড়া পৌরসভার বাজেট ঘোষণা
অভয়নগর (যশোর) সংবাদদাতা \ যশোরের নওয়াপাড়া পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র মোঃ রবিউল হোসেন এ বাজেট ঘোষনা করেন। ঘোষিত বাজেটে ৩০ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকা আয় ধরা হয়েছে এবং ব্যায় ধরা হয়েছে ২৮ কোটি ৯৭ লাখ ৫ হাজার টাকা । এক সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষনা করা হয়।