কক্সবাজারে ওষুধ কোম্পানির ২৫ লাখ টাকা ছিনতাই

কক্সবাজারে একটি ওষুধ কোম্পানির বিপণন কর্মকর্তা ও চালককে মারধর করে নগদ ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত। বৃহস্পতিবার রাত ১১টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের বিপণন কর্মকর্তা মেহেদী হাসান সাংবাদিকদের জানান, দোহাজারী, বান্দরবান ও কেরানীহাটসহ বিভিন্ন এলাকা থেকে ওষুধ বিক্রির টাকা সংগ্রহ করে একটি গাড়িতে করে কক্সবাজার শহরে ফেরার পথে দুটি মোটর সাইকেলে করে কয়েকজন দূর্বৃত্ত এসে মারধর করে তার কাছে থাকা ২৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। এসময় তার সঙ্গে থাকা চালক ওয়াসিম বাধা দিলে দুর্বৃত্তরা তাকেও মারধর করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ছিনতাইয়ের বিষয়ে বিপণন কর্মকর্তা ও চালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ছিনতাইয়ে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।