উলিপুরে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ১০ জন অসুস্থ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার মধুপুর গ্রামে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ৬ জন নারী-শিশুসহ ১০ জন অসুস্থ হয়েছে। শুক্রবার সকালে তাদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, উলিপুর উপজেলার মধুপুর গ্রামের নরেন্দ্রনাথের বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে গীতা পাঠের আসর শেষে খাবার খেয়ে সকলেই ঘুমিয়ে পড়ে। শুক্রবার সকালে উঠে এলাকার লোকজন পার্শ্ববর্তী ইসকন মন্দিরের সভাপতি সতিন্দ্রনাথ ব্রহ্মচারীকে বাড়ির পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর পরপরই নরেন্দ্রনাথের বাড়িতে নারী শিশুসহ ৯ জন অসুস্থ হয়ে পড়ে। তাদের সকলকে প্রথমে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে তাদের অবস্থার অবনতি হলে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়।