দায়িত্ব নিয়েই বার্সার নতুন কোচ
ফ্যাব্রিগাসকে বিক্রির জন্য নয়
প্রকাশ : ২৬ জুলাই ২০১৩, ২১:৪৯
বার্সেলোনার কোচ হিসেবে দায়িত্ব নিয়েই জেরার্ডো মার্টিনো জানিয়ে দিলেন সেসক ফ্যাব্রিগাসকে বিক্রি করা হবে না। দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হওয়া এই আর্জেন্টাইন কোচকে গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয় বার্সেলোনা।
গেল মৌসুমে আর্জেন্টিনার নিউওয়েলস বয়েজকে শিরোপা জেতানো ৫০ বছর বয়সী জেরার্ডো মার্টিনো এক সংবাদ সম্মেলনে বলেন,‘ম্যানচেষ্টার ইউনাইটেড সেসকে চায়? ক্লাব যদি দুটি প্রস্তাব প্রত্যাখ্যান করে, তবে আমি তৃতীয়টিও তাই করবো। সেসক এখানেই থাকবে।’
ক্যান্সারের চিকিত্সার জন্য সময় দিতে টিটো ভিলানোভা বার্সেলোনার কোচের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হলে তার স্থলাভিষিক্ত হন জেরার্ডো।
বার্সেলোনার সহ-সভাপতি জোসেপ মারিয়া বার্তোমু মার্টিনোর অবস্থানকে সমর্থন করেন। তিনি বলেন,‘এটা স্বাভাবিক যে ইউনাইটেড আগ্রহী হবে। এটা একটা সম্মান। কিন্তু আমরা সেসেক মূল্য দেই। তা প্রস্তাব যাই হোক না কেন।’
মার্টিনো এই প্রথম ইউরোপের কোন ক্লাবে দায়িত্ব পালন করতে এলেন। এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে প্যারাগুয়েকে নিয়ে ব্যাপক সাফল্য দেখানো এই কোচ বলেন,‘আমি খুবই খুশি এবং কৃতজ্ঞ। এরকম একটা সমৃদ্ধ ইতিহাস ও মর্যাদাপূর্ণ ক্লাবে আসতে পারাটা বিরাট সম্মানের।’
তিনি আরো বলেন, ‘আমি খেলোয়াড়দের সাথে মিলিত হবার জন্য এবং এই ক্লাবের ধারাবাহিকতা অব্যাহত রাখতে উদগ্রীব হয়ে আছি। সে কারণেই আমি এই ক্লাবে সই করেছি। আমি বার্সার ধ্যান ধারণার অব্যাহত রেখে চেষ্টা করবো এর সাথে নতুন কিছু যোগ করতে যাতে করে এটা পূর্ণাঙ্গ একটা দলে পরিণত হয়। আসল ব্যাপার হলো জয়ের জন্য খেলোয়াড়রা যেন ক্ষুধার্ত থাকে সেটা নিশ্চিত করা। ’
বিদায়ী কোচের প্রসঙ্গে তিনি বলেন, ‘দুঃখজনকভাবে সবাই জানেন, কি পরিস্থিতিতে আমি এখানে এসেছি। আমি আমার তরফ থেকে টিটোর জন্য শুভ কামনা জানাচ্ছি।’ নিজের সম্পর্কে তিনি উল্লেখ করেন, ‘জীবনে আপনি উচ্চাকাঙ্ক্ষি হতে পারেন, লক্ষ্য স্থির করতে পারেন। কিন্তু এক বছর আগেও আমি ভাবিনি এখানে আসবো।’
মেসি নেইমারের এক ক্লাবে খেলা প্রসঙ্গেও কথা বলেন তিনি। তার মতে-‘মেসি ও নেইমার একসাথে খেলতে পারবে না, এটা আমি কল্পনাও করতে পারি না। যদি তারা না পারে তবে সেজন্য কোচকেই দুষতে হবে।’
আর্জেন্টাইন মার্টিনো তার স্বদেশী লিওনেল মেসির সাথে কাজ করবেন বলে খুবই শিহরিত। তবে তিনি জানান তার নিয়োগের ক্ষেত্রে বার্সেলোনা তারকার কিছু করার ছিল না। তিনি বলেন, ‘মেসি ও আমি উভয়েই রোসারিওর। নিউওয়েল আমাদের ক্লাব। তবে আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। মেসি অনেক পজিশনে খেলেছে। তবে সে আগের চাইতে এখন বেশি গোল করছে। তাই আমি তার পজিশন বদলাবো না। কোচ হিসেবে আমি আমার কাছে থাকা দল এবং খেলোয়াড়দের সাথে মানিয়ে নিতে শিখেছি। আর্জেন্টিনায় কোচিং করানো সহজ নয়। তাই যখন আমরা দেশ ছাড়ি সেটা আমাদেরকে অন্যত্র কাজ করতে সাহায্য করে।’