দোষ স্বীকার করলেন মোহাম্মদ আসিফ

নিষিদ্ধ ঘোষিত সতীর্থদের দেখানো পথ অনুসরণ করে পাকিস্তানের বিতর্কিত পেসার মোহাম্মদ আসিফও স্পট ফিক্সিং করার কথা স্বীকার করলেন। লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চীফ অপারেটিং অফিসার সুবহান আহমেদের সঙ্গে বৈঠককালে স্পট ফিক্সিংয়ের কথা স্বীকার করেন আসিফ। পিসিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আহমেদের সঙ্গে সাক্ষাত্ করেছেন আসিফ এবং ২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে স্পট ফিক্সিং করার কথা স্বীকার করেছেন। ঐ কর্মকর্তা বলেন, ‘সে (আসিফ) বলেছে যে, তার কৃতকর্মের জন্য লজ্জিত এবং গত কয়েক মাস যাবত্ তিনি অত্যন্ত মনোকষ্টে ভুগছিলেন। কিন্তু সত্য কথাটা বলতে সাহস পাচ্ছিলেন না। সূত্রটি আরো জানায়, ‘যেহেতু সে আবারো তার ক্রিকেট জীবন পুনরুজ্জীবিত করতে এবং সুনাম পুনরুদ্ধার করতে চায় তাই শেষ পর্যন্ত আসিফ সাহস সঞ্চার করে তার দোষ স্বীকার করেছে।’ আসিফের সঙ্গে সালমান বাট ও মোহাম্মদ আমেরকেও ২০১১ সালের প্রথম দিকে স্পট ফিক্সিংয়ের অভিযোগে ন্যূনতম পাঁচ বছরের জন্য সর্ব প্রকার নিষিদ্ধ করা হয়। দুর্নীতি ও প্রতারণার অভিযোগে তারা জেলও খাটে। আসিফ বলেন, তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও পিসিবিকে পূর্ণ সহায়তা দিতে এবং পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে চান। ওই কর্মকর্তা জানান, ‘আসিফ বলেন, তিনি লজ্জিত এবং তার ভুলের জন্য সে তার ভক্তদের ও পুরো জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।’ কর্মকর্তা আরো উল্লে¬খ করেন, ‘এটা খুবই ভালো লক্ষণ যে, আসিফও তার দোষ স্বীকার করেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব আসিফ ও বাটকে নিয়ে পিসিবি পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবে।’ পিসিবি ইতোমধ্যে আমেরের শাস্তি পুনর্বিবেচনা ও সে যাতে বোর্ডের অনুশীলন সুবিধা ভোগ করতে পারে সে জন্য আইসিসিকে অনুরোধ জানিয়েছে। এছাড়া ২০১৫ সালে শাস্তির মেয়াদ শেষ হলে আমের আবারো যাতে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলতে পারে সে জন্য ক্লাব ক্রিকেটে খেলার অনুমতি দিতেও আইসিসিকে অনুরোধ জানিয়েছে পিসিবি।-বাসস