পুনরায় মুখোমুখি হচ্ছে জার্মান জায়ান্টরা
প্রকাশ : ২৬ জুলাই ২০১৩, ২১:৫০
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পর শনিবার জার্মান সুপার কাপের ম্যাচে ফের মুখোমুখি হচ্ছে জার্মানীর দুই ফুটবল পরাশক্তি বায়ার্ন মিউনিখ ও বুরুশিয়া ডর্টমুন্ড। তবে ম্যাচটিকে প্রতিশোধের ম্যাচ হিসেবে নিচ্ছে না বলে জানিয়েছে ডর্টমুন্ড।
গত মে মাসে লন্ডনের ওয়েম্বলিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন ২-১ গোলে ডর্টমুন্ডকে পরাজিত করে শিরোপা জয় করে। ফলে এক মৌসুমে ত্রিমুকুট জয়ের অনন্য এক রেকর্ড সৃষ্টি করে বায়ার্ন মিউনিখ। এর আগে ইউরোপীয় লিগ ও কাপের শিরোপা জিতে নিয়েছিল জার্মান দলটি।
তবে সুপার কাপের এই ম্যাচটিকে ওয়েম্বলি ম্যাচের ঘটনার চেয়েও বেশি গুরুত্ব দিয়ে শো- ডাউন করতে চায় বুরুশিয়া। দলটির জার্মান ডিফেন্ডার ম্যাটস হিউমেলস খেলাটিকে সামনে রেখে বলেন, ‘এটি ওয়েম্বলির প্রতিশোধের ম্যাচ হিসেবে নিচ্ছি না। আমাদের জন্য এটি একটি পরীক্ষার ম্যাচ, আমাদের বর্তমান অবস্থানটি কোথায়, সেটি যাচাই করার জন্য যেটি হতে পারে ভাল একটি পরীক্ষা। তবে আমরা কোন ভাবেই লন্ডনের বিষয়টিকে এই ম্যাচের অনুপ্রেরণা হিসেবে সামনে আনতে চাই না।’
শুধু চ্যাম্পিয়ন্স লীগ নয়, বুন্দেস লীগায় বায়ার্নের চেয়ে ২৫ পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থান লাভ করেছে ডর্টমুন্ড। আগামী ৯ আগস্ট শুরু হচ্ছে নতুন মৌসুমের লীগ। তাই এর আগেই প্রি-মৌসুমের এই ম্যাচে শো-ডাউনের মাধ্যমে মনোবলকে ঊর্ধ্বমুখি করতে চায় তারা। তবে এই ম্যাচে উভয় দলের বেশ কিছু পরিবর্তনও থাকছে।
ইতোমধ্যে বায়ার্নের কোচ হিসেবে জুপ হেইংকেসের স্থলাভিষিক্ত হয়েছেন বার্সার সাবেক কোচ পেপ গার্দিওলা। স্পেনের অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক থিয়াগো আলকানতারা ক্যাম্প ন্যু ছেড়ে এবং জার্মান দলের মধ্য মাঠের তারকা মারিও গোতেজ ডর্টমুন্ড ছেড়ে যোগ দিয়েছেন ক্লাবটিতে।
আক্রমণাত্মক মিডফিল্ডার পিয়েরি-ইমেরিক সেন্ট এতিনে এবং হেনরিখ এমকিতারয়ান শাকতার দনেস্ক ছেড়ে ডুর্টমুন্ডে যোগ দিয়েছেন। যদিও অসুস্থতা এবং ইনজুরির কারণে ওয়েস্টফলেনস্টেডিওনে অনুষ্ঠিতব্য ম্যাচে তাদের অধিকাংশকেই দেখা যাবে না। তারপরও ম্যাচটিতে ৮০ হাজার ৬৪৫ জন দর্শক উপস্থিত হবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে ম্যাচের সব টিকিট। ম্যাচ পূর্ব অনুশীলনের সময় এমকিতারয়ান তার পায়ের গোড়ালির পেশিতে আঘাত পেয়েছেন। সে কারণে পরবর্তী কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। আওবামেয়েং এবং পোল্যান্ডের ওয়েঙ্গার জাকুব ‘কুবা’ ব¬াসজেয়াকোয়স্কি পেটের পীড়ায় ভুগছিলেন। বর্তমানে তারা সুস্থ হয়ে ওঠলেও ম্যাচটি কাটাতে হতে পারে সাইড বেঞ্চে বসেই।