হকি খেলোয়াড়দের সহমর্মিতা জানাতে ফেডারেশনের উদ্যোগ
প্রকাশ : ২৬ জুলাই ২০১৩, ২১:৫২
অর্থের পরিমাণ তেমন বড় কিছু নয়। তারপরও দল বদলহীন খেলোয়াড়দের হতাশা দূর করতে আসন্ন ঈদে তাদের বোনাস দেয়ার সিদ্ধান্ত নিয়েছে হকি ফেডারেশন।
দল বদল না হওয়াতে এবার হকি খেলোয়াড়দের আর্থিক অবস্থা খারাপ। মোহামেডানসহ ছয়টি ক্লাব বর্তমান ফেডারেশন নেতৃত্বের বিরুদ্ধে বলে দল বদলে অংশ না নেয়ার কথা জানিয়ে দিয়েছে। তাই এবার দল বদল হবে কিনা সেটাও নিশ্চিত নয়। তাই খেলোয়াড়দের এ হতাশা দূর করতে হকি ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল ইনামুল বারী সমপ্রতি ফেডারেশনের সভায় জাতীয় দলের খেলোয়াড়দের ঈদ বোনাস দেয়ার ব্যাপারে ঘোষণা দিয়েছিলেন। জানা গেছে জাতীয় দলের খেলোয়াড়দের এ বাবদ জনপ্রতি ১৫ হাজার টাকা করে দেয়া হবে। এছাড়াও খেলোয়াড়রাদেরকে পাঞ্জাবি-পায়জামা দিচ্ছে ফেডারেশনের ড্রেস পার্টনার অঞ্জনস।
জাতীয় হকি দলের খেলোয়াড়রা অবশ্য এতসব বেদনার মধ্যেও পাকিস্তানি কোচের অধীনে এশিয়া কাপের অনুশীলনে নিজেদের ব্যস্ত রেখেছেন। দল বদল না হওয়াতে আর্থিক অনিশ্চিয়তার মাঝে পড়েও সেপ্টেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠেয় এশিয়া কাপ হকির জন্য ঠিকঠাক মতোই অনুশীলন করে যাচ্ছেন।
ফেডারেশন সভাপতির বোনাস ঘোষণা প্রসঙ্গে জাতীয় হকি দলের অধিনায়ক জাহিদ হোসেন বলেন, ‘সভাপতি আমাদেরকে উত্সাহিত করার জন্যই প্রতি খেলোয়াড়কে ১৫ হাজার টাকা করে ঈদ বোনাস দেয়ার কথা ঘোষণা করেছেন। ঈদ উপলক্ষে ফেডারেশনের কর্মকর্তাদের কাছে এর বাইরেও আমরা কিছু উপহার পাব।’ জাতীয় দলের সহকারী কোচ মাহাবুব হারুন বলেন, ‘এটাই প্রথম হলো হকি অঙ্গনে যা আগে কখনো ঘটেনি। এতে করে খেলোয়াড়রা উত্সাহিত হবে।’