মাওয়ায় ডুবোচর
ঈদে ঘরমুখো মানুষের বিড়ম্বনার আশঙ্কা
প্রকাশ : ২৬ জুলাই ২০১৩, ২২:৪২
মাওয়া-কাওড়াকান্দি নৌ রুটে আকস্মিকভাবে ছোট ছোট ডুবোচর দেখা দিয়েছে। লৌহজং টার্নিং পয়েন্ট থেকে হাজরা চ্যানেল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পথে এই ডুবোচর দেখা যাচ্ছে গত এক সপ্তাহ ধরে। এতে এখনো ফেরি চলাচলে বিঘ্ন ঘটেনি। তবে ঈদে ২১ জেলার ঘরমুখো মানুষ চরে ফেরি আটকে বিড়ম্বনার শিকার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারাও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। মাওয়াস্থ মেরিন অফিসার কেএম শাজাহান শুক্রবার বিকেলে জানান, জরুরি ভিত্তিতে সার্ভে ও ড্রেজিংয়ের জন্য সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। তবে সার্ভে ও ড্রেজিং এখনও শুরু হয়নি। তিনি আশা প্রকাশ করেন দ্রুততম সময়ের মধ্যেই যথাযথ ব্যবস্থা নেয়া হবে। তিনি জানান, চরের কারণে চ্যানেলের গভীরতা বিভিন্ন স্থানে কমে গেছে। তবে ঐ চ্যানেলের পাশে এখনও পর্যাপ্ত পানি রয়েছে। তারপরও বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক আ. সালাম জানান, আতঙ্কিত হওয়ার মত কিছুই হয়নি। তারপরও আমরা সতর্ক আছি।
উজান থেকে পাহাড়ি ঢলের সঙ্গে আসা পলি পড়ে চরের সৃষ্টি হচ্ছে এ কথা উল্লেখ করে বিআইডব্লিউটিসির মাওয়া অফিসের ম্যানেজার মো. সিরাজুল হক জানান, ছোট ছোট হলেও এই ডুবোচর ধীরে ধীরে বড় হচ্ছে। তিনি আরো জানান, বর্তমানে এই রুটে দুইটি রো রোসহ ১৩টি ফেরি চলছে।