নাসিরনগরে কলেজ ছাত্রকে হত্যার চেষ্টা গ্রেফতার ২

পূর্বশত্রুতা ও বাকবিতণ্ডার জের ধরে গত বৃহস্পতিবার রাতে জেলার নাসিরনগর উপজেলা সদরের এক কলেজ ছাত্র মীর মো. মহসিনকে (২০) গলা কেটে হত্যার চেষ্টা ব্যর্থ হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। আহত মহসিন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিত্সাধীন আছেন। এ ঘটনায় আহতের পিতা মীর মোশারফ হোসেন বাদি হয়ে ৫ জনকে আসামি করে মামলা করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর মোশারফ হোসেনের ছেলে ও নাসিরনগর ডিগ্রি কলেজের ছাত্র মীর মো. মহসিনকে গত বৃহস্পতিবার ইফতারের পর মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর স্থানীয় দত্তবাড়িতে চৈয়ারকুড়ি গ্রামের শেখ হাবিবুল্লাহর ছেলে শেখ মো. নাদিম ও নরেশ দাসের ছেলে সবুজ দাসসহ ৪-৫ জন মহসিনের গলায় ছুরি দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করলে তিনি গুরুতর আহত হন। সংবাদ পেয়ে পুলিশ ব্রাহ্মণবাড়িয়া থেকে শেখ মো. নাদিম (২০) ও সবুজ দাসকে (২২) গ্রেফতার করেছে।