টঙ্গীতে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত
প্রকাশ : ২৬ জুলাই ২০১৩, ২২:৪৪
টঙ্গীর দত্তপাড়া বনমালা রোডে গণপিটুনিতে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ৫/৬ জনের একটি ছিনতাইকারী দল বনমালা রোডে কোহিনূর বেগম নামে এক মহিলার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়ার সময় এ ঘটনা ঘটে। তার চিত্কারে পথচারী ও আশপাশের লোকজন ছিনতাইকারীদের ধাওয়া করে একজনকে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যায়। আটককৃত ছিনতাইকারী গণপিটুনিতে জ্ঞান হারিয়ে ফেলে। টঙ্গী মডেল থানা পুলিশ গুরুতর অবস্থায় ছিনতাইকারীকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। টঙ্গী থানার এসআই মনোয়ার হোসেন বলেন, নিহত ছিনতাইকারীর নাম পরিচয় জানা যায়নি। গাজীপুর সদরের হায়দ্রাবাদ গ্রামের কোহিনূর বেগম ও তার মেয়ে টঙ্গী চেরাগআলীতে একটি ব্যাংক থেকে ৩০ হাজার টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন।