রনির সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে গলাচিপায় মিছিল

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য গোলাম মাওলা রনি’র সংসদ সদস্য পদ বাতিল এবং সাংবাদিক নির্যাতন ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডের বিচারের দাবিতে উপজেলা আওয়ামী লীগের একাংশের উদ্যোগে কয়েকশ’ নারী-পুরুষ শুক্রবার গলাচিপা শহরে দুপুরে মিছিল-সমাবেশ করে। মিছিলটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে সমাবেশ করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মু.হারুন অর রশিদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সস্পাদক গোলাম মোস্তফা টিটো,সহসভাপতি সন্তোস কুমার দে, উপদেষ্টা কালাম মো. ঈসা প্রমুখ। হারুন অর রশিদ বলেন, সাংবাদিক নির্যাতনকারী গোলাম মাওলা রনি’র বিচার এবং সংসদ সদস্য পদ বাতিল করতে হবে। তার দুষ্কর্মের দায়ভার আওয়ামী লীগ নিতে পারে না। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে সংগঠন বিরোধী তিনি যেসব কর্মকাণ্ড করেছেন তারও বিচার দাবি করা হয়। কি করে এমপি রনি হাজার কোটি টাকার মালিক হলেন তা নিয়ে তিনি প্রশ্ন রাখেন।