ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিমি দীর্ঘ যানজট
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ২৬ জুলাই ২০১৩, ২২:৪৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি ও চান্দিনায় ৪টি পৃথক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার নিমসার বাজার থেকে গোমতী সেতু টোল প্লাজা পেড়িয়ে গজারিয়া উপজেলার ভবেরচর পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট জানান, গতকাল ভোরে মহাসড়কের দাউদকান্দি উপজেলার দৌলতপুরের কাছে একটি অতিরিক্ত মালবোঝাই কার্ভাড ভ্যান রাস্তার মাঝখানে উল্টে গেলে উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। হাইওয়ে পুলিশের রেকার দিয়ে দূর্ঘটনা কবলিত কভারভ্যানটিকে সরিয়ে নিলে যানবাহন চলাচল শুরু হয়। এরপরই ভোর ৬টায় উপজেলার রায়পুরে দুটি কার্ভাডভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মহাসড়কের মাঝখানে গাড়িগুলো আটকে গিয়ে উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট জানান, মহাসড়কের চান্দিনা উপজেলার নুড়িতলায় অতিরিক্ত মালবোঝাই একটি কার্ভাডভ্যান উল্টে যায়। মহাসড়কের মাঝখানে উল্টে যাওয়ায় উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ দুর্ঘটনা কবলিত গাড়িটিকে সরিয়ে নেয়ার কিছুক্ষণের মধ্যে নুড়িতলা বাজারের নিকট দুটি কার্ভাডভ্যানের মুখোমুখি সংঘর্ষ ফের যানজটে আটকে পড়ে শত শত যানবাহন। দুর্ঘটনা কবলিত এসব গাড়িগুলোকে সরিয়ে নিলে যানবাহন চলাচল শুরু হয়।