হোয়াইট হাউজে মুসলমানদের সম্মানে ওবামার ইফতার
প্রকাশ : ২৬ জুলাই ২০১৩, ২২:৪৮
পবিত্র রমজান মাসে মুসলমানদের সম্মানে হোয়াইট হাউজে অনুষ্ঠিত এক ইফতার অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ব্যবসায়, প্রযুক্তি এবং ওষুধ শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য আমেরিকান মুসলমানদের ধন্যবাদ জানিয়েছেন। গত বৃহস্পতিবার এই ইফতারের আয়োজন করা হয়। খবর ফক্স নিউজের।
ওবামা বলেন, রমজান হচ্ছে প্রার্থনার মাধ্যমে স্রষ্টার কাছে নিজেকে সমর্পণ করা। এই উত্সব স্রষ্টার কাছাকাছি নিয়ে যায়। এটা কেবল স্রষ্টার কাছেই মানুষকে নেয় না বরং বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যদের একত্রিত হতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরো বলেন, প্রতিবছরই হোয়াইট হাউজ এই অনুষ্ঠানের আয়োজন করে। এর মাধ্যমে প্রমাণ হয় আমেরিকায় সকল ধর্মের মানুষের সমভাবে ধর্ম পালনের অধিকার রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের একই লক্ষ্য রয়েছে। অনুষ্ঠানে বারাক ওবামাসহ তার প্রশাসনের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি এবং ধর্মীয় নেতাসহ বিভিন্ন দেশের কূটনৈতিকবৃন্দ উপস্থিত ছিলেন।