সড়ক দুর্ঘটনায় সংসদ সদস্য গোলাম সবুর নিহত

মাইক্রোবাস দুর্ঘটনায় বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের সরকার দলীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম সবুর টুলু (৫৮) নিহত হয়েছেন (ইন্নালিল্লাহ ওয়াইন্না.....রাজিউন)। গতকাল শুক্রবার বিকালে টেকেরহাট-ফরিদপুর মহাসড়কের ভাঙ্গা উপজেলাধীন চুমুরদী নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। এরা হলেন এমপি টুলুর ভাই গোলাম শহীদ নিলু, পাথরঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, এপিএস শহীদুল ইসলাম ও ড্রাইভার সগির। এদের মধ্যে গোলাম শহীদ নিলু ও হারুন অর রশীদকে প্রথমে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিত্সার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর দুইজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দে ভর্তি করা হয়েছে। আমাদের ফরিদপুর প্রতিনিধি ও ভাঙ্গা সংবাদদাতা জানিয়েছেন, বরগুনায় জনসভা শেষে সহযোগীদের নিয়ে নিহত সংসদ সদস্য গোলাম সবুর টুলু দুপুরে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। বিকাল পৌনে চারটার দিকে টেকেরহাট-ফরিদপুর সড়কের চুমুরদী নামক স্থানে পৌঁছানোর পর মাইক্রোবাসটির সামনের চাকা ফেটে গেলে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর সেটি রাস্তার পাশে খাদের পানিতে উল্টে পড়ে যায়। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ প্রশাসন প্রায় ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান শেষে আহতদের উদ্ধার করে এবং তাদের ভাঙ্গা হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক সংসদ সদস্য গোলাম সবুর টুলুকে মৃত ঘোষণা করেন। পরবর্তী করণীয় নির্ধারণে তার মরদেহ প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দে রাখা হয়। তার মরদেহ নিয়ে যাওয়ার জন্য ঢাকা থেকে একটি হেলিকপ্টার আসার কথা থাকলেও অবতরণের সুব্যবস্থা না থাকায় পরে তা বাতিল করা হয়। সর্বশেষ জানা গেছে সন্ধ্যা ছয়টায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমরান হোসেন সংসদ সদস্যের মরদেহ হাইওয়ে পুলিশের সার্জেন্ট নিজামের নিকট হস্তান্তর করেছেন। এদিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে ফরিদপুর পুলিশ সুপার জামিল হাসান, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী মো. আসাদুজ্জামান কবির, ভাঙ্গা এএসপি (সার্কেল) শামসুল হক, পৌর মেয়র আবু ফয়েজ মো. রেজা, ফরিদপুর র্যাব-৮ এর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সংসদ সদস্য গোলাম সবুরের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শওকত আলী গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি এক শোকবাণীতে দেশের রাজনীতিতে তার অবদান স্মরণ করে বলেন, গোলাম সবুরের মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদকে হারালো। প্রধানমন্ত্রী শোকবার্তায় দেশে সংসদীয় গণতন্ত্র এবং দলের জন্য তার অবদান স্মরণ করে বলেন, টুলুর মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হলো। জাতীয় সংসদের স্পিকার শোকবাণীতে বলেন, তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। এ ক্ষতি কোনভাবেই পূরণ হবার নয়। ডেপুটি স্পিকার বলেন, তার মৃত্যুতে দেশ ও জাতি একজন শিল্পপতি ও সমাজসেবককে হারালো। তার মৃত্যুতে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার পল্ল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন সিকদার গভীর শোক প্রকাশ করেছেন। এলাকায় শোকের ছায়া বেতাগী (বরগুনা)সংবাদদাতা জানিয়েছেন, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। আছর নামাজ বাদ উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। বেতাগী উপজেলা প্রশাসন, প্রেসক্লাব, সাপ্তাহিক বিষখালী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।