ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা
প্রকাশ : ২৬ জুলাই ২০১৩, ২২:৫৮
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবসহ ২৫ জন ছাত্রদল নেতা-কর্মীর বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় একটি অপহরণ মামলা দায়ের হয়েছে। ছাত্রদলের নেতা সাখাওয়াত হোসেন চয়ন অপহরণের ঘটনায় তার ছোট ভাই মিজানুর রহমান বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
পল্টন থানার ওসি গোলাম সারোয়ার জানান, শুক্রবার বিকালে চয়নের ছোট ভাই পল্টন থানায় এসে তার বড় ভাই অপহরণের ঘটনায় একটি মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, গত বুধবার বিকালে বিএনপি পার্টি অফিসের পাশে পল্টন টাওয়ারের সামনে তার বড় ভাই সাখাওয়াত হোসেন চয়ন দাঁড়িয়ে ছিলেন। এসময় ছাত্রদলের কেন্দ ীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দুইটি মোটরসাইকেলে করে সেখানে উপস্থিত হয়। তারা সেখানে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে তার বড় ভাইকে অপহরণ করে নিয়ে যায়। একটি টিনশেড বাড়িতে তাকে আটকে রেখে তার ওপর নির্যাতন চালানো হয়। ঐ দিনই তার বড় ভাইকে ছেড়ে দেয়া হয়। পরে তার বড় ভাইকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করে চিকিত্সা দেয়া হচ্ছে।
ওসি আরো জানান, মামলায় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৫ জনকে আসামি করা হয়েছে।