৩য় বছরে মাছরাঙা

মাছরাঙা টেলিভিশন দ্বিতীয় বছর শেষ করে আগামী ৩০ জুলাই তৃতীয় বছরে পা দিচ্ছে। এই দুই বছরে চ্যানেলটি চেষ্টা করেছে স্বতন্ত্র অবস্থান তৈরি করতে, যেমন রুচিশীলতা এবং মানের ক্ষেত্রে তেমনি নতুনত্ব আনতে। ফুটবলে ‘ইউরো কাপ’ কিংবা ক্রিকেটে ‘চ্যম্পিয়ন্স ট্রফি’র মতো আন্তর্জাতিক খেলাধুলার বেশ কিছু টুর্নামেন্ট সরাসরি দেখিয়ে আলাদা অবস্থান করে নিয়েছে মাছরাঙা। অন্যদিকে ‘ভালো গান দিয়ে ভালো দিন আসুক’—এই প্রতিপাদ্যের বেঙ্গল-আইসিটি এসআরএ ক্লাসিক্যাল মিউজিক উত্সবের মিডিয়া পার্টনার হিসেবে অনুষ্ঠানটি দেখিয়ে সুনাম করেছে। তৃতীয় বছরেও দর্শকরা আরও খেলা দেখতে পাবেন, গানের অনুষ্ঠানে যোগ হবে দুই বাংলার শিল্পীদের নিয়ে এ যাবত্কালের সবচেয়ে বড় অনুষ্ঠান ‘কলকাতা বাংলা গানের উত্সব’সহ আরও অনুষ্ঠান। সিনেমা নিয়ে জনপ্রিয় রিয়েলিটি শো ‘হাউজফুল’ চলতে থাকবে, প্রতিভাবান লোকসংগীত শিল্পী খুঁজে বের করতে আসছে নতুন শো—‘ম্যাজিক বাউলিয়ানা’, এ ছাড়া নাচগানের প্রতিযোগিতামূলক শো ‘ব্র্যাক মেঘে ঢাকা তারা’। ছোটদের জন্য নতুন ৩টি কার্টুন সিরিজ যোগ হচ্ছে। তৃতীয় বছরে এসব অনুষ্ঠান আরও সুন্দরভাবে উপস্থাপন করা হবে বলে জানান মাছরাঙা কর্তৃপক্ষ। এই ঈদের পর থেকেই মাছরাঙার নতুন চেহারা দেখতে পাবেন বলে আশাবাদী চ্যানেলটির কর্তৃপক্ষ।