কোরীয় যুদ্ধবিরতির ৬০ বছর পূর্তি উদযাপন

কোরীয় যুদ্ধবিরতির ৬০ বছর পূর্তি উদযাপন করলো উত্তর কোরিয়া। গতকাল শনিবার এ উপলক্ষে প্যারেড অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও ভারি সমরাস্ত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়। যার মধ্যদিয়ে ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিতে দেশটি যে যথেষ্ট অগ্রগতি এনেছে তারই প্রমাণ মিললো। এসময় কিম সাং স্কয়ারে শীর্ষস্থানীয় দল এবং সামরিক নেতাদের সঙ্গে তরুণ নেতা মঞ্চে উঠলে হাজার হাজার সৈন্য ও দর্শক “আমাদের জীবনের সঙ্গে কিম জং উনকে রক্ষা করো” বলে উচ্চকণ্ঠে ধ্বনি তুলতে থাকে। রাষ্ট্রীয় টেলিভিশনে এ দৃশ্য প্রচার করা হয়। প্যারেড অনুষ্ঠানে দেশটির নেতা উনের সাথে চীনা ভাইস প্রেসিডেন্ট লি জুয়াংচাও উপস্থিত ছিলেন। গতবছর দেশটির প্রতিষ্ঠাতা নেতা কিম সাংয়ের জন্মশতবার্ষিকী উদযাপন করার পর এই প্রথম ২৭ জুলাই, ১৯৫৩ সালে করা কোরীয় যুদ্ধবিরতির ৬০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এই প্যারেড অনুষ্ঠানের আয়োজন করা হল। গতবছর ডিসেম্বরে দেশটি সফলভাবে দূরপাল্লার রকেট উেক্ষপণ করে এবং ফেব্রুয়ারিতে তৃতীয়বারের মত পারমাণবিক পরীক্ষা চালায়। যার ফলে জাতিসংঘ দেশটির ওপর অবরোধ আরোপ করে। এতে কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা তৈরি হয় যা কয়েক মাস পর্যন্ত অব্যাহত থাকে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ সামরিক কর্মকর্তা চো রায়ং হাই বলেন, আমাদের শ্রদ্ধেয় নেতা কিম জং উন আমাদের সামরিক বাহিনীকে যেমন উন্নত করেছেন তেমনি জনগণের মধ্যে সংহতি তৈরি করেছেন। তিনি আরো বলেন, আমাদের দেশের জন্য অন্য কিছুর চেয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকা বেশি গুরুত্বপূর্ণ।